ছাতক মাধ্যমিক শিক্ষা বিভাগ কর্মকর্তাসহ ৩ পদ দীর্ঘদিন ধরে শূন্য

বিজয় রায়, ছাতক
ছাতকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদটি দীর্ঘ দিন ধরে শূন্য অবস্থায় রয়েছে। ফলে অগ্রগামী এ উপজেলা শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়ার আশংকা করছেন শিক্ষানুরাগীরা। শিক্ষা কর্মকর্তাসহ উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ তিনটি পদ শূন্য থাকায় ঢিলেঢালাভাবে চলছে এ কার্যালয়ের কাজ। সম্প্রতি উপজেলা পবিষদ চত্ত্বরে একটি
নব-নির্মিত আকর্ষণীয় ভবনে স্থানান্তরিত হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়।
অত্যাধুনিক ভবনে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় স্থানান্তরিত হলেও জনবল সংকটের কারণে বিভাগীয় কর্মকা- চলছে শম্ভুক গতিতে।
উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, গত দুই মাস ধরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদসহ আরো গুরুত্বপূর্ণ দুই টি পদ শূন্য অবস্থায় রয়েছে। গত ১৮ সেপ্টেম্বর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমান বদলিজনীত কারণে এ পদটি শুন্য হয়। এ ছাড়া প্রধান হিসাব রক্ষক ও অফিস সহকারীর পদটিও দীর্ঘদিন ধরে শূন্য অবস্থায় রয়েছে। কর্মকর্তাসহ ৩টি পদ কবে, কখন পূরণ হবে তা সংশ্লিষ্টরা বলতে পারছেন না।
উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল অসন্তোষ প্রকাশ করে জানান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন শূন্য থাকায় শিক্ষা ক্ষেত্রে এর প্রভাব পড়তে পারে। শিক্ষা ক্ষেত্রে অগ্রগামী এ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ ৩টি পদ খালি পড়ে থাকা দুঃখজনক। শিঘ্রই সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে দ্রুত শূন্য পদ পুরণের ব্যবস্থা নেয়া হবে।