ছাতক প্রতিনিধি
ছাতক সিমেন্ট কারখানার মূল পান্ট থেকে ট্রান্সপোর্ট ঘাট পর্যন্ত সিমেন্ট পরিবহনের কনভেয়ার বেল্টে আটকা পড়ে আফজাল হোসেন (১৩) নামের এক শিশু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সাড়ে ৪ টার দিকে কারখানার টাইম অফিস সংলগ্ন পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। আফজাল
কারখানার সিকিউরিটি গার্ড আব্দুল আওয়ালের পুত্র ও কারখানা সমবায় সমিতির অস্থায়ী শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানা সমবায় সমিতির অধিনে অস্থায়ী শ্রমিক হিসেবে আফজাল কনভেয়ার বেল্টের বিভিন্ন পয়েন্টে কাজ করে আসছে। কনভেয়ার বেল্ট দিয়ে পরিবহনকৃত সিমেন্ট এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে পতিত হওয়ার সময় প্রায়ই সিমেন্টের বস্তা সঠিক স্থানে থাকে না। চলমান কনভেয়ার বেল্টে এসব সিমেন্টের বস্তা সঠিকভাবে পরিবহনের জন্য বিভিন্ন পয়েন্টে সে কাজ করে। সোমবার টাইম অফিস সংলগ্ন পয়েন্টে কাজ করার সময় অসাবধানতা বশত: চলমান কনভেয়ার বেল্টে সে আটকা পড়ে যায়। মুহুর্তের মধ্যে বেল্টের চাপে তার দেহ থেতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। তার আটকা পড়া মৃত দেহ বেল্ট থেকে অপসারন করতে অন্তত কয়েক ঘন্টা সময় লেগেছে বলে জানা গেছে।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবু সাইদ জানান, কারখানার কো-অপারেটিভের অধিনে অস্থায়ী ভিত্তিতে আফজাল কনভেয়ার বেল্টে কাজ করতো। অসাবধানতার কারনে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।


