স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ছাদের পলেস্তরা খসে পড়ে ৬ ছাত্রী আহত হয়েছে। রবিবার বেলা ১১টায় বিদ্যালয়ের প্রায় ৩০ বছর পুরনো দক্ষিণের ভবনে অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন- ১০ম শ্রেণির ছাত্রী আহমদ মোয়াল্লেমা, ৯ম শ্রেণির ছাত্রী সুমিত্রা রায়, সাকি রায়, ৮ম শ্রেণির ছাত্রী পর্ণা মৈত্র, জেবিন রাহাত ও অনন্যা দে। আহতদের বিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিক তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান বলেন, পলেস্তরা পড়ায় ছাত্রীরা মাথায় আঘাত পেয়েছে। তবে তেমন গুরুতর না হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াহিয়া তালুকদার বলেন, শ্রেণিকক্ষে অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালীন সময়ে ছাদের পলেস্তরা খসে পড়ে ৬ জন শিক্ষার্থী আহত হয়। প্রায় ত্রিশ বছর আগে ভবনটি নির্মাণ করা হয়। ভবনের ছাদ দিয়ে পানি পড়ায় ছাদের পলেস্তরা ডেমেজ হয়ে গেছে। ভবনটি সংস্কার করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে তাহিরপুর উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। জরাজীর্ণ কক্ষে পাঠদান বন্ধ রাখতে বলা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ভবনটি সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
- বজ্রপাতে মৃত্যু/ জলবায়ু তহবিল থেকে ক্ষতিপূরণ দেয়া হোক
- ঈদের আগে বকেয়া বেতন বোনাস প্রদানের দাবিতে বিক্ষোভ


