স্টাফ রিপোর্টার
দেশের সর্ববৃহৎ মিছাখালি রাবারড্যামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, বিশেষ অতিথি’র তালিকায় জেলা পরিষদ প্রশাসক, জেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ও জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের নামও ছিল। কিন্তু অনুষ্ঠানে এই দু’জনের কেউ-ই উপস্থিত ছিলেন না। ছিলেন না বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ ও সাধারণ সম্পাদক দিলীপ বর্মণসহ দায়িত্বশীল কোন নেতাই।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলীপ বর্মণ এ প্রসঙ্গে বলেন,‘অনুষ্ঠানটি হয়েছে প্রশাসনের নিয়ন্ত্রণে, এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকও আসেননি, এজন্য আমরাও যাইনি’।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন,‘আমাদের দলের কেন্দ্রীয় নেতা, মাননীয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর সঙ্গে আমারও অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু ঢাকায় জরুরি কাজ থাকায় যেতে পারিনি আমি’।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন,‘আমি সংগঠনের জেলা সভাপতি, এই আসনের সাবেক এমপিও আমি, রাবারড্যামটি আমার আপ্রাণ চেষ্টায় হয়েছে, রাবারড্যাম নির্মাণে জাপার বর্তমান সংসদ সদস্যের কোন ভূমিকা নেই, কিন্তু রাবারড্যামটির উদ্বোধন বিষয়ে আমার সঙ্গে কোন আলোচনাই হয়নি, কেবল চিঠি পেয়েছি, তবুও আমি মনে করি দেশের সংকটকালে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে’।
- ছাত্রলীগের উপর ক্ষুব্ধ হলেন প্রতিমন্ত্রী
- মিছাখালী রাবার ড্যাম উদ্বোধনী অনুষ্ঠানে এমএ মান্নান- মানুষের সহায়তায় সরকার জঙ্গিবাদ মোকাবিলা করবে


