জগন্নাথপুরের অগ্নিকাণ্ডে নিঃস্ব ৮ পরিবার আশ্রয় নিলেন স্কুলে

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চিতুলিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতঘরের আটটি কক্ষ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন স্থানীয় একটি বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন।
এলাকাবাসি জানান, চিতুনিয়া গ্রামের আব্দুল আজিজ মোল্লার টিনসেডের বসতঘরে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্ত আট পরিবার হচ্ছে আব্দুল আজিজ মোল্লা, তাঁর ভাই আবুল কালাম, আব্দুল বাছিত, আব্দুল মজিদ,
আব্দুস শহিদ, মৃত গুলজার হোসেনের ছেলে এমরান হোসেন ও কামরুল হোসন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে শুক্রবার সকালে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারদের খোঁজ-খবর নেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের মধ্যে জেলা প্রশাসকের ত্রাণ তহবিল থেকে প্রতি পরিবারকে ৩ বান্ডেল করে ২৪ বান্ডেল ঢেউটিন, নগদ ৯ হাজার টাকা করে ৭২ হাজার টাকা এবং উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিল থেকে ১৫ কেজি করে ১২০ কেজি চাল প্রদানের ঘোষণা দেন।
এদিকে চিতুলিয়া গ্রামের অধিবাসী যুক্তরাজ্য আওয়ামী যুব লীগের যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে নগদ ১০ হাজার টাকা ও ২ বস্তা চাল প্রদান করেছেন।