জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরের গড়গড়ি গ্রামে চুরির ঘটনা মারাত্মক আকারে বেড়ে গেছে। ঘনঘন চুরির ঘটনায় আতংকিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা।
স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার মীরপুর ইউনিয়নের গড়গড়ি গ্রামে সাম্প্রতিককালে অস্বাভাবিকভাবে চুরির ঘটনা ঘটছে। এতে তারা শংকিত হয়ে পড়েছেন। গত ১০ এপ্রিল গড়গড়ি গ্রামের হাজী কলমদর আলীর গোয়াল ঘর থেকে চোরেরা ২টি গরু চুরি করে নিয়ে যায়। ৭ এপ্রিল ওই গ্রামের হেলাল আহমদের বাড়ির গোয়াল ঘর থেকে একটি গরু চুরি হয়। ৬ এপ্রিল মুহিবুর রহমানের বাড়ি থেকে আরেকটি গরু চুরি হয়।
এছাড়া আমেরিকা প্রবাসি নেছাপর খানের বাড়ি থেকে কয়েকটি অধিক মূল্যের প্লাষ্টিকের পাইপ ও আনসার আলীর বাড়ি থেকে কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি চোরেরা চুরি করে নিয়ে গেছে। মাত্রাতিরিক্ত চুরির ঘটনায় গ্রামবাসী এখন রাত জেগে পাহারা দিচ্ছেন।
জগন্নাথপুর থানার ওসি মুরছালিন বলেন, চুরির ঘটনায় আমাদের নিকট কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগত ব্যবস্থা গ্রহন করা হবে।


