জগন্নাথপুরের মীরপুর ইউনিয়ন নির্বাচনের সম্ভাবনা

অমিত দেব ও আলী আহমদ জগন্নাথপুর
আইনি জটিলতাসহ বিভিন্ন কারণে স্থগিত থাকা ২১০টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে পৌরসভা ও  ইউনিয়ন পরিষদের নির্বাচন করার সিন্ধান্ত গ্রহণ করায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নবাসীর মনে আশা জাগাচ্ছে। মঙ্গলবার নির্বাচন কমিশনের (সিইসি) এক সভায় বিভিন্ন আইনি জটিলতা নিরসন করে এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনের সিদ্ধান্তে খুশি হয়েছেন এলাকাবাসী।  
বৃহস্পতিবার  সরেজমিন পরির্দশনকালে স্থানীয় মীরপুর বাজারে মোস্তফা মিয়া নামে এক ভোটার জানান, অনেক বছর ধরে নির্বাচন না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। নিবার্চন কমিশনার (সিইসি) দেশের বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদে নির্বাচনের উদ্যোগ গ্রহণ করায় আমাদের আশা প্রত্যাশা বেড়েছে। মোস্তফা মিয়ার মতো অনেকেই নির্বাচনের প্রত্যাশা করছেন।  
আলাপ হয় ওই ইউনিয়নের বাসিন্দা রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও ক্রীড়াব্যক্তিত্ব সিরাজ উদ্দিন মাষ্টারের সঙ্গে। তিনি এ প্রতিবেদককে জানান, নানামুখী ষড়যন্ত্রের কারণে এই ইউনিয়নে নির্বাচন হচ্ছে     না প্রায় ১৫ বছর ধরে। ফলে স্থানীয় সরকারের উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নবাসী। স্থগিত ২১০টি পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্র¯ু‘তি গ্রহণ করায় আমাদের প্রত্যাশা বেড়ে গেছে।   
খোঁজ নিয়ে জানা যায়, এলাকাবাসী জানান, সীমানা জটিলতার কারণে দীর্ঘ ১৫ বছর ধরে প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের নির্বাচন হচ্ছে না। মামলা জটিলতায় আটকে যায় পরিষদের নির্বাচন।
উল্লেখ্য মীরপুর ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচনে বিজয়ী হন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন। তিনি ২০১১ সালে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে উপজেলা পরিষদ নির্বাচন অংশ নেন। তৎসময় মীরপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জমির উদ্দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আজো দায়িত্ব পালন করে আসছেন।    
২০১১সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফশীল ঘোষণা করা হলে উপজেলার অন্যান্য ইউনিয়নের ন্যায় মীরপুর ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের মনোনয়ন জমা প্রদান করে ব্যাপক প্রচারণায় অংশ নেন। নির্বাচনী উৎসাহ উদ্দীপনার মধ্যে হঠাৎ করে সীমানা সংক্রান্ত একটি মামলায় হাইকোর্টে রিট আবেদনের প্রেক্ষিতে মীরপুর ইউনিয়নের নির্বাচন স্থগিত হয়ে যায়। ফলে ভোট প্রয়োগ থেকে বঞ্চিত হন ভোটাররা। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে অর্থাৎ ৫ম ধাপে উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে মীরপুর ইউনিয়ন ছাড়া ৭টি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়। কিন্তু  মামলা জটিলতায় নির্বাচন হয়নি মীরপুর ইউনিয়নে। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে নির্বাচন থেকে বঞ্চিত হওয়ায় ক্ষোভের দানা বাঁধে ইউনিয়নের লোকজনের মধ্যে। তারা আন্দোলনে নামেন নির্বাচনের দাবিতে। গত বছর থেকে সভা সমাবেশ বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মুসচী পালন করে আসছেন তারা।  
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান জানান, কিছুদিন পূর্বে মীরপুর ইউনিয়নের নির্বাচন সংক্রান্ত বিভিন্ন তথ্য নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। নির্বাচন হবে কিনা এ ব্যাপারে তাদের কাছে কোন নির্দেশনা আসেনি।  
জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, মীরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কোন নির্দেশ আমরা পাইনি। তবে শোনা যাচ্ছে এবারে হয়তো নির্বাচন হতে পারে।