জগন্নাথপুরের হাওরে ট্রলার ডুবিতে নিহত ১ নিখোঁজ ২

স্টাফ রিপোর্টার
জগন্নাথপুরের মইয়ার হাওরের ইছগাঁওয়ের ডহরে ট্রলারডুবিতে ১ জন নিহত এবং ২ জন নিখোঁজ রয়েছে। রোববার বিকাল সাড়ে ৫ টায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জগন্নাথপুর ট্রলারঘাট থেকে ৫০ জন যাত্রী নিয়ে হলদিপুর ইউনিয়নের হলিকোনা যাওয়ার সময় মইয়ার হাওরের ইছগাঁও ডহরে গিয়ে ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়। এ সময় যাত্রীদের      
বেশিরভাগ পাড়ে ওঠলেও ৩ জন যাত্রী নিখোঁজ ছিলেন। এর মধ্যে ইলিকা বেগম (৪৫) নামের একজনের মৃতদেহ সন্ধ্যা ৬ টায় উদ্ধার করা হয়। তিনি ইউনিয়নের বাউধরণ গ্রামের শরিফ উল্লার স্ত্রী।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, মইয়ার হাওরের ইছগাঁওয়ের ডহরে ট্রলারডুবির ঘটনায় ১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, আরও ২ জন নিখোঁজ রয়েছে।