জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে গত কয়েকদিন ধরে অস্বাভাবিকভাবে বিদ্যুতের লোডশেডিং চলছে। শুক্রবার সকাল সাত টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ৯ ঘণ্টা যাবত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। তারপর একঘণ্টা বিদ্যুৎ থাকলেও আবার চলে যায়। এছাড়াও গত দুদিন ধরে বিদ্যুতের অস্বাভাবিক লোডশেডিং ও ভেলকিবাজিতে গ্রাহকরা অতিষ্ঠ হয়ে পড়েছেন।
গ্রাহকরা জানান, গত কয়েকদিন ধরে জগন্নাথপুর উপজেলা জুড়ে অসহ্য বিদ্যুৎ বিভ্রাট চলছে। বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত বিদ্যুতের আসা যাওয়ার পালা চলছিল। প্রায় ১৫/২০ বার বিদ্যুতের লোড শেডিং চলে। শুক্রবার সকাল থেকে বিদ্যুত সংযোগ বন্ধ রয়েছে।
গ্রাহক শাহিনুর মাহমুদ জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সারা দিন বিদ্যুৎ নেই। বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে তাঁরা সদুত্তর দিতে পারে নি। গ্রাহকদের অভিযোগ বিদ্যুৎ চলে গেলেই জগন্নাথপুর বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের মুঠোফোন বন্ধ হয়ে যায়। এমনকি টেলিফোন সেটটিও দায়িত্বরত কর্মচারীরা তুলে রাখেন, যাতে করে গ্রাহকরা কোন খবর জানতে পারেন না। বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের খামখেয়ালীপনায় গ্রাহকরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।
প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় ১০ হাজারেও বেশী গ্রাহক রয়েছেন। গ্রাহকদের সুবিধার্থে বৈদ্যতিক সাবস্টেশন নির্মাণ করা হয়েছে। মানউন্নীত করা হয়েছে উপজেলা বিদ্যুৎ প্রকৌশল বিভাগকে। দায়িত্ব দেয়া হয়েছে নির্বাহী প্রকৌশলীর মতো গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা। কিন্তুু তারপরও বিদ্যুতের ভেলকিবাজি চলছেই। উন্নত হচ্ছে না গ্রাহক সেবার মান।
এ ব্যাপারে জগন্নাথপুরে বিদ্যুৎ প্রকৌশল অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট বার বার মুঠোফোনে যোগাযোগ করলেও বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদত্তর পাওয়া যায় নি। তবে বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা জানিয়েছেন সিলেটের মূল লাইনে ত্রুটি দেখা দেয়ায় দু’দিন ধরে বিদ্যুতের সমস্যা হচ্ছে।


