আকরাম উদ্দিন
বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নে চাউল নিয়ে চালবাজির অভিযোগ ওঠেছে। শুক্রবার বিভিন্ন এলাকার দরিদ্র অসহায় মানুষেরা এমন অভিযোগের কথা জানান। দারিদ্রতার সুযোগে গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে দুই মাসের স্বাক্ষর নিয়ে এক মাসের চাউল প্রদান করেছেন নিয়োগকৃত ডিলার। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তবে এই অভিযোগ অস্বীকার করে নিয়োগকৃত ডিলার রফিকুল ইসলাম নাচ্চু বলেন, ‘আমি দুই মাসের চাউল দিয়েছি সকল কার্ডধারীদের। এক মাসের চাউল দিয়ে কারো কাছ থেকে আমি দুই মাসের স্বাক্ষর নেইনি।’ সলুকাবাদ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী বললেন, তিনি এই বিষয়ে কিছুই জানেন না।
সলুকাবাদ ইউনিয়নের নিয়োগকৃত ডিলার রফিকুল ইসলাম নাচ্চু বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের বর্তমানে সদস্য এবং সলুকাবাদ ইউনিয়ন কমিটির সাবেক সহ-সভাপতি ছিলেন।
শুক্রবার এই প্রতিবেদক বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে গেলে গ্রামের কয়েকজন অসহায় মানুষ এমন অভিযোগের কথা জানান।
সলুকাবাদ ইউনিয়নের মথুরকান্দি এলাকার কাপনা গ্রামের বাসিন্দা মো. মজলু মিয়ার ছেলে রবিকুল ইসলাম, কার্ড নম্বর-৯০১৮০১৪৩০। তিনি বলেন, ‘আমি এক মাসের চাউল আনতে ডিলারের দোকানে যাই। তিনি বলেন, ‘চাউল সামনের মাসে আসবে। পরের মাসে গেলে তিনি স্বাক্ষর নেন দুই মাসের। চাউল দেন এক মাসের। দুই মাসের চাউল নিতে চাইলে তিনি এক মাসের চাউল দিয়ে তাড়িয়ে দেন।’
একই গ্রামের বাসিন্দা মো. মফিজ উদ্দিনের ছেলে আবুল কালাম, কার্ড নম্বর- ৯০১৮০১৩৭৮। তিনিও দুই মাসের চাউল আনতে চাইলে তাঁকে এক মাসের চাউল দেয়া হয় বলে জানান তিনি।
গ্রামের বাসিন্দা মো. নুর ইসলামের স্ত্রী মোছা. রবিনা খাতুন, কার্ড নম্বর- ৯০১৮০১৪০৫। তিনিও একই অভিযোগ করেন।
কাপনা গ্রামের বাসিন্দা মৃত নবাব আলীর ছেলে মো.
হাসেম ফকির, কার্ড নম্বর- ৯০১৮০১৪০১। তিনি বলেন, ‘আমি বয়স্ক মানুষ আমাকে বলেছেন টিপ দিতে আমি টিপ দিয়েছি। পরে আমাকে দুই মাসের পরিবর্তে এক মাসের চাউল দিয়ে বিদায় করেন। পাওনা এক মাসের চাউল দেয়ার কথা বললে, ডিলার বলেন, ‘পরে পাবেন।’
মো. নুরুল ইসলামের ছেলে মো. আব্দুল মালেক, কার্ড নম্বর- ৯০১৮০১৪১৩। দুই মাসের চাউলের পরিবর্তে এক মাসের চাউল পেয়েছেন বলে জানান তিনি।
আব্দুর রহমানের স্ত্রী মোছা. সাহেদা খাতুন, কার্ড নম্বর- ৯০১৮০১৩৯৭। তিনিও এক মাসের চাউল না পাওয়ার অভিযোগ করেন।
একই ইউনিয়নের রতারগাঁও গ্রামের বাসিন্দা মো. সৈয়দ আলীর ছেলে মো. আবু তাহের শেখ, কার্ড নম্বর- ৯০১৮০০৮২৪। তিনি বলেন, ‘আমাকে যখন দুই মাসের স্বাক্ষর এক মাসের চাউল দেন তখন আমি বলি আমাকে আরও এক মাসের চাউল দেন। তখন ডিলার আমার সাথে খারাপ ব্যবহার করেন।’
বিশ্বম্ভরপুর উপজেলা খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’


