জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এক গ্রাম পুলিশের মৃত্যু ঘটেছে। নিহতের নাম বাদল দাস (৪৫)। উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কিশোরপুর গ্রামের দেবেন্দ্র দাসের ছেলে তিনি। বুধবার সন্ধ্যা ৬ টায় কিশোরপুর গ্রামে সাবধানতার সঙ্গে তার শেষকৃত্য সম্পন্ন হয়। নিহতের পরিবার, তার ভাইয়ের পরিবার, জগন্নাথপুর হাসপাতালের একজন ডাক্তার এবং একজন সিএনজি চালককে তাৎক্ষণিক কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আশপাশের বাড়িগুলোকে লকডাউন করা হয়েছে। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর জানান, বুধবার দুপুরে জ¦র শ্বাসকষ্ট নিয়ে আসা ৪৫ বছর বয়সী পাইলগাঁও ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রামপুলিশের সদস্য বাদল দাস জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তার অবস্থা আশংকাজনক এবং করেনা আক্রান্ত সন্দেহ হওয়ায় তাকে সিলেটের শামছুদ্দিন হাসপাতালে যাবার পরামর্শ দেওয়া হয়। ঘণ্টাখানেক পরেই খবর পাওয়া যায় শামছুদ্দিন হাসপাতালে নেবার পথেই ওই রোগী মারা গেছেন। শামছুদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর নমুনা সংগ্রহ করেছেন। বিকাল ৬ টায় অত্যন্ত সাবধানতার সঙ্গে কিশোরপুরে নিহতের বাড়িতেই তার শেষকৃত্য সম্পন্ন হয়।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, বাদল দাসকে বহন করে নিয়ে যাওয়া সিএনজিকে ১৫ দিন নিরাপদে রাখা হবে। চালক কোয়ারেন্টাইনে থাকবে। রোগীর সঙ্গে গাড়ীতে যারা ছিলেন, রোগীর পরিবার এবং প্রতিবেশি রোগীর ভাইয়ের পরিবারের সদস্যদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রোগীর বাড়ির আশপাশের বাড়িগুলোকে লকডাউন করা হয়েছে।
- তাহিরপুরে কৃষকের পাকা ধান কেটে দিলেন শিক্ষক-শিক্ষার্থীরা
- বুধবার তহবিলে জমা হলো ৭৩৫০০টাকা এবং ১ টন চাল


