জগন্নাথপুর অফিস
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন,‘বর্তমান সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে কাজ করছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি সুখি সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে বিভিন্নখাতে অগ্রগতি অর্জন করে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমরা খাদ্যে স্বনির্ভরতা অর্জন করেছি। কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন এনেছি। এছাড়াও শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য ও বিদ্যুৎখাতে ব্যাপক অগ্রগতি অর্জন হয়েছে। এসব অগ্রগতি দেখে বহির্বিশ্ব বাংলাদেশের প্রশংসা করছে। মন্ত্রী বলেন, আমাদের নতুন প্রজন্ম সোনার বাংলার নাগরিক হিসেবে গর্ব বোধ করতে পারবে। বর্তমান সরকার তাদের জন্য একটি সুখি সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলতে কাজ করছে।’
তিনি শুক্রবার সাড়ে ১১টায় জগন্নাথপুর কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক জাহিদুল হক, জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসার মো. আসাদুজ্জামান।
অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবাদত হোসেন, জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রমুখ। মন্ত্রী এর আগে কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে বসানো স্টলগুলো ঘুরে দেখেন। এছাড়াও কৃষি মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদর প্রদক্ষিণ করে। তিন দিন ব্যাপি কৃষি মেলা উপলক্ষে ২০টি স্টল রয়েছে। এদিন মন্ত্রী উপজেলা ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের উদ্যোগে দরিদ্র মানুষের হাতে টিন ও নগদ টাকা তুলে দেন।


