জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর শহরে গণশৌচাগারের জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে পৌর শহরের পুরোনো কাঠবাজারের গণশৌচাগার জায়গা দখল করে ছাত্রলীগের কয়েকজন স্থাপনা নির্মাণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ উঠেছে, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নেতা তোহা চৌধুরী, প্রচার সম্পাদক সজিব রায় দূর্জয় গংদের নেতৃত্বে এ স্থাপনা নির্মাণ করা হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। বুধবার বিকেলে সরেজমিনে দেখা যায়, গণশৌচাগার সামনের জায়গায় বাঁশের খুঁটি স্থাপন করে ওপরে টিন দিয়ে একটি ঘর নির্মাণ করা হয়েছে।
জানা যায়, জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে কয়েক বছর পূর্বে পুরান কাঠবাজারের ব্যবসায়ীদের সুবিধার্থে পাকা গণশৌচাগার নির্মাণ করা হয়। সেই থেকে ব্যবসায়ীরা এটি ব্যবহার করে আসছেন। বুধবার সকালে স্থানীয় ব্যবসায়ীরা ওই গণশৌচাগারে অবৈধভাবে স্থাপনা নির্মাণ দেখতে পান।
জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন বলেন, ‘রাতের আধাঁরে গণশৌচাগার দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয়েছে। বিষয়টি লিখিতভাবে প্রশাসনকে অবহিত করা হয়েছে ব্যবসায়ীদের পক্ষে।’
অভিযুক্ত উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তোহা চৌধুরী তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন।
জগন্নাথপুর পৌরসভার মেয়র আবদুল মনাফ জানান, ‘শৌচাগার দখলের সত্যতা নিশ্চিত করে বলেন, এটি খুবই নিন্দনীয় ঘটনা।’
জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, ‘দখলের বিষয়টি শুনেছি। দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’


