জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ নারীসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ ২৫ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ৩ জনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইসহাকপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী উস্তার গণি ও একই এলাকার নিজামুল করিম পক্ষের লোকজনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়েন। এতে গুলিবিদ্ধ ২৫ জনকে কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।


