জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে হেলে গেছে। যে কোন সময় শহীদ মিনারের মুল স্তম্ভ ধসে যেতে পারে। সাংস্কৃতিক কর্মীরা অবিলম্বে নতুন শহীদ মিনার নির্মাণের উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।
এলাকাবাসী সূত্র জানায়, উপজেলা সদরের ডাকবাংলো সড়কের জেলা পরিষদের পুকুর পাড়ে ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর একটি শহীদ মিনার নির্মাণ করে জাতীয় দিবস সমূহ উদযাপন করা হয়। ২০১৩ সালের সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন ১৩ লাখ টাকা ব্যায়ে পুরাতন শহীদ মিনার ভেঙে নতুন শহীদ মিনার নির্মাণ করেন। সম্প্রতি শহীদ মিনারের পেছনের মূল বেদির অংশ ধসে যেতে দেখা যায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুঁকিপূর্ণ শহীদ মিনার পরিদর্শন করেন।
ডাক বাংলো সড়কের ব্যবসায়ী রুহেল আহমেদ বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে হঠাৎ করে বড় আকারের ধস দেখা দিয়েছে। যে কোন সময় মূল স্তম্ভ ধসে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আমরা দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
জগন্নাথপুর উপজেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ পরিতোষ চক্রবর্তী বলেন, আমরা দীর্ঘদিন ধরে উপজেলা সদরে পুরাতন শহীদ মিনারের জায়গায় একটি নতুন সুরম্য শহীদ মিনার নির্মাণের দাবি জানিয়ে আসছি। অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারটি ঝুঁকিতে রয়েছে। এটি সংস্কার না করে নতুন শহীদ মিনার নির্মাণে পদক্ষেপ গ্রহণ করা হবে।


