জগন্নাথপুরে নলজুর সেতুর এপ্রোচে ধস

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কের ঘোষগাঁও এলাকায় নলজুর নদীর ওপর ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত নলজুর সেতুর এপ্রোচ ধসে গেছে। শ্রীঘ্রই সংস্কার কাজ করা না হলে সড়ক দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যাবে।
এলাকাবাসী জানান, ২০১৩ সালে বর্তমান সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান নলজুর নদীর ওপর ৩৯ দশমিক ১৫ মিটার গার্ডার সেতুর উদ্বোধন করেন। সেতুর কাজ শেষ হলেও সেতুর এপ্রোচের জায়গায় এক ব্যক্তি দেয়াল নির্মাণ করায় সেতুটির এ্যাপ্রোচের কাজ বন্ধ হয়ে যায়। ফলে বিকল্প এপ্রোচ দিয়ে ছোট যানবাহন চলাচল শুরু করলেও এ্যাপ্রোচ না থাকায় সেতু দিয়ে বড় যানবাহন চলাচল শুরু হয়নি। সেতুটির এপ্রোচের জায়গা অধিগ্রহণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উদ্যোগ গ্রহণ করলেও গত তিন বছরে তা বাস্তবায়ন হয়নি। ফলে ১৩ কোটি টাকা ব্যয়ে         
নির্মিত সেতুটি জনসাধারণের চলাচলে পুরোপুরি সুফল পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় সেতুটির এ্যাপ্রোচ ভেঙ্গে যাওয়ায় সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হওয়ার উপক্রম দেখা দিয়েছে।
নলজুর সেতু বাস্তবায়নের অন্যতম নেতা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু বলেন, ‘এলজিইডির গাফিলাতির কারণে তিন বছর ধরে সেতুর এ্যাপ্রোচ হচ্ছে না। এখন সেতুর মুখ ধসে গেছে। শীঘ্রই সংস্কার কাজ করা না হলে যানচলাচল বন্ধ হয়ে যাবে।’
জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী এলজিইডি রফিকুল ইসলাম বলেন, ‘সেতুর এ্যাপ্রোচের জায়গা অধিগ্রহণের কাজ চলছে। শীঘ্রই তা বাস্তবায়ন হবে। বর্তমানে যান চলাচল অব্যাহত রাখতে কিছু সংস্কার কাজ করার পদক্ষেপ নেয়া হবে।’