জগন্নাথপুরে নৌকা ডুবিতে স্কুল ছাত্রীর মৃত্যু

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে  দাওরাই  আলুকালি নদীতে নৌকা ডুবির ঘটনায় এক স্কুল ছাত্রী নিখোঁজ হওয়ার ৯ ঘন্টা পর শনিবার সন্ধ্যায়  তার লাশ উদ্ধার করা হয়েছে। নৌকা ডুবিতে আহত হয়েছেন শিক্ষকসহ ১৫ জন শিক্ষার্থী। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।  
উদ্ধার অভিযানে অংশ নেয়া জগন্নাথপুরের ফায়ার সার্ভিস অফিসের এসও অখিল কুমার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, দিনব্যাপী অভিযান চালিয়ে সন্ধ্যা ৬ টার দিকে নদীর মধ্যস্থান থেকে মেয়েটির লাশ উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই বাজারের নিকটবর্তী আলুকালি খেয়াঘাট থেকে সকাল ৯টার দিকে স্থানীয় স্কুলে যাওয়ার পথে ৩০/৪০ শিক্ষার্থী খেয়া নৌকা দিয়ে নদী পার হওয়ার সময় হঠাৎ অতিরিক্ত বোঝাইকৃত নৌকাটি নদীর মাঝ অংশে ডুবে যায়। এ ঘটনায় দাওরাই গ্রামে শাহ আলতা মিয়ার মেয়ে শাহ সুমি বেগম নিখোঁজ হন। সে ষড়পল্লী স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্রী। খবর পেয়ে পুলিশ, জগন্নাথপুর ফায়ার সার্ভিস ও সিলেট থেকে আসা একটি ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়।
দাওরাই গ্রামের যুবক আমির খান ছাব্বির জানান, বার্ষিক পরীক্ষায় অংশ নিতে গ্রামের শিক্ষার্থীরা খেয়া নৌকা দিয়ে নদী পার হওয়ার সময় হঠাৎ করে নৌকাটি ডুবে মেয়েটি মারা গেছে। রাতে মেয়েটির লাশ দাফন করা হবে।   
স্থানীয় যুবক দিলদার মিয়া জানান, সকালে স্কুলের ৩০/৪০ জন শিক্ষার্থী খেয়া নৌকা নিয়ে নদী পারাপারের সময় নৌকা ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষকসহ ১৫/২০ শিক্ষার্থী আহত হয়েছে।  মৃত স্কুল ছাত্রীর চাচাত ভাই আবুল হোসেন জানান, পরীক্ষায় অংশ নিতে সকালে সুমি বেগম তার মাকে সালাম করে বাড়ি থেকে বের হয়ে সহপাঠিদের সঙ্গে বিদ্যালয়ের উদ্যেশ্যে যাওয়ার পথে নৌকা ডুবির ঘটনায় সে মারা গেছে। তার অকাল মৃত্যুতে পরিবারের লোকজনসহ আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েছেন।  
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ আবু ঈমানী জানান, নিখোঁজের ১০ ঘন্টা পর মেয়েটিকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাছুম বিল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।