জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের কাঁচা রবি দাসের স্ত্রী চানমতি রবি দাস (৪৫), তার ছেলে অরুন রবি দাস (১১) ও উপজেলার কলকলিয়া ইউনিয়নের এরালিয়া মোহাম্মদপুর গ্রামের ময়না মিয়া (৬৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুবাজপুর গ্রামের রবি দাসের বাড়ির পাশের ডুবায় শনিবার রাতে বিদ্যুতের লাইন ছিঁড়ে পড়ে। রবিবার সকালে গ্রামের কাঁচা রবি দাসের ছেলে অরুন রবি দাস জাল নিয়ে ডুবায় মাছ ধরতে নামে। এসময় সে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে চিৎকার দিলে বাড়ির সামনে থাকা তার মা চানমতি দাস ছেলেকে বাঁচাতে পানিতে নামলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষনা করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে উপজেলার এরালিয়া মোহাম্মদপুর গ্রামে বসতঘরের বিদ্যুতের স্লুইসবোর্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ময়না মিয়া (৬৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক নাজমুল সাদাত বললেন, বিদ্যুৎস্পৃষ্ট তিনজননেই হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন।
জগন্নাথপুর থানার সাবইন্সপেক্টর মির্জা শাখাওয়াত রবিবার বিকেলে জানান, ঘটনার খবর পেয়ে কুবাজপুর এবং মোহাম্মদপুরে পুলিশ পাঠানো হয়েছে।
- শেখ হাসিনার প্রত্যাবর্তন-প্রাণ ফিরে পায় জাতি, গড়ে ওঠে নন্দিত বাংলাদেশের ভিত্তি
- শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু


