জগন্নাথপুরে বিদ্যুৎ বিভ্রাট- চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুরা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপৃুরে বিদ্যুতের অস্বাভাবিক লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উঠেছেন উপজেলাবাসী। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুরা চিকিৎসা পেতে চরম ভোগান্তির শিকার হচ্ছে। রবিবার সকাল থেকে দুপুর পযর্šÍ বিদ্যুৎ না থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন নিউমোনিয়ায় আক্রান্ত শিশুরা।  
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিদ্যুৎ গ্রাহক সূত্র জানায়, গত কয়েকদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট চলছে। গত দুদিন ধরে সকাল থেকে বিকেল পর্যন্ত টানা লোডশেডিং চলছে। এছাড়াও একাধিকবার বিদ্যুৎ যাওয়া আসার খেলায় গ্রাহকরা অতিষ্ট হয়ে উঠেছে। গত দুদিনের অস্বাভাবিক গরমে শিশু বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ অসুস্থ  হয়ে পড়েছেন। হাসপাতালে অসুস্থ শিশুদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ না থাকায় চিকিৎসকরাও   সুচিকিৎসা প্রদান করতে পারছেন না।
জগন্নাথপুর পৌরএলাকার ইকড়ছই গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমান জানান, তার ভাতিজাকে নিয়ে হাসপাতালে গেলে বিদ্যুৎ না থাকায় চিকিৎসকরা নেবোলাইজেশন মেশিন ব্যবহার করতে না পারায় চিকিৎসা নেওয়া সম্ভব হয়নি। সিদ্দিকুর রহমানের মতো অসংখ্য লোকজন জ্বর নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত শিশুরা হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছেন না।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মির্জা আলী সুহেল বলেন, ‘বিদ্যুৎ না থাকলে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান সঠিকভাবে করা যায় না। নেবোলাইজেশন মেশিন ব্যবহার করা যাচ্ছে না। শিশুদের খুব কষ্ট হচ্ছে।’  
এ বিষয়ে জানতে বিদ্যুতের দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। তবে জগন্নাথপুর বিদ্যুৎ অফিসের জরুরী বিভাগে মুঠোফোনের দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান, বিদ্যুতের সঞ্চালন লাইনে কাজ চলছে।