জগন্নাথপুরে বিভ্রাট ঘণ্টার পর ঘণ্টা

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে বিদ্যুৎ বিভ্রাট। ঘণ্টার পর ঘণ্টা চলছে বিদ্যুতের ভেলকিবাজি। শুক্রবার রাত থেকে শনিবার বিকাল ৫ টা পর্যন্ত বিদ্যুতের আসা যাওয়ার পালায় চরম দুর্ভোগে পড়েছেন উপজেলাবাসী।  
উপজেলাবাসী জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ওপর দিয়ে বয়ে যায় কাল বৈশাখী ঝড়। ঝড় শুরু হওয়ার প্রাক্কালে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়।  টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকার পর রাত বারোটার দিকে বিদ্যুৎ সংযোগ চালু হয়। এর পর কিছুক্ষণ বিদ্যুৎ থাকলেও ফের
রাত দেড়টার দিকে আবারও বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সংযোগ।
পৌরশহরের বাসিন্দা ব্যবসায়ী মুজিবুর রহমান মুজিব জানান, একটু ঝড় বৃষ্টি এলেই আমাদের জগন্নাথপুরে বিদ্যুৎ সরবরাহ থাকে না। শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত ১৫/২০ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে জনসাধারণের কষ্টের কথা বিবেচনা করে বিদ্যুৎ সরবরাহ সচল করার জন্য আহবান জানান।
জগন্নাথপুর উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী শ্যামল চন্দ সরকার জানান. কাল বৈশাখী ঝড়ে জগন্নাথপুরের বিদ্যুতের ৩৩ হাজার কেভি লাইনে ক্রটি দেখা দেয়ায় বিদ্যুৎ সরবরাহে সমস্যা হচ্ছে। আমরা সার্বক্ষণিক বিদ্যুৎ সচল রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।