জগন্নাথপুরে রেমিটেন্স যোদ্ধাদের সংবধর্না প্রদান

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নে আর্তসামাজিক উন্নয়নে অবদান রাখায় যুক্তরাজ্য ও ইউরোপের ৭০ জন প্রবাসী কে সংবধর্না প্রদান করা হয়েছে।
শনিবার দুপুর ১২টায় মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লন্ডনপ্রবাসী মাহবুবুল হক শেরীন ইউনিয়নবাসীর পক্ষে প্রবাসীদের সংবধর্না প্রদান করেন। এছাড়াও আন্ত: উপজেলা অনুর্ধ-১৭ ফুটবল টুর্নামেন্টে মিরপুর ইউনিয়ন ফুটবল দল চ্যাম্পিয়ান হওয়ায় বিজয়ী খেলোয়ার ও কোচদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে মিরপুর বাজারস্থ কৃষক সেবা কেন্দ্রে ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক শেরীনের সভাপতিত্বে ও ইউপি সচিব আব্দুল হান্নানের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন যুক্তরাজ্যপ্রবাসী সংবর্ধিত অতিথি হরমুজ আলী, আব্দুল কালাম, আবু ইয়াসির সুমন, ইউপি সদস্য মোস্তাক আহমদ, আব্দুস শহীদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশে চলমান মহামারি করোনাভাইরাসের কঠিন পরিস্থিতিকালে দরিদ্র জনগোষ্ঠি ও ঘরবন্দি মানুষকে যেভাবে প্রবাসীরা আর্থিক ও সহায়তা করেছেন তা ভুলার নয়। যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে তাঁরা ভূমিকা রাখছেন। পাশাপাশি এলাকার শিক্ষা উন্নয়নের পাশাপাশি আর্ত সামাজিক উন্নয়নের উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখছেন। তাঁদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করে, বক্তারা প্রবাসীদের অভিবাদন ও শুভেচ্ছা জানিয়েছেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া মিরপুর ইউনিয়নের বাসিন্দা যুক্তরাজ্যপ্রবাসী হরমুজ আলী বলেন, নাড়ির টানে প্রবাসে বসবাস করলেও নিজ মাতৃভূমির মানুষের দু:খ সুখে আমরা মিশে আছি। তিনি বলেন, আমরাই পৃথিবীতে একমাত্র জাতি যে, দুইদেশে (বাংলাদেশ ও প্রবাস) সমানভাবে বসবাস করছি। এরকম বসবাসের সুবিধা বিশ্বের অন্য কোন জাতির নেই। আজ আমাদেরকে সম্মাননা দেওয়া হয়েছে, আমি অভিভুত। ভালবাসার বন্ধনে আবদ্ধ থাকতে চাই আমরা।
মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন বলেন, প্রবাসীরা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। জাতীয় অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছেন। পাশাপাশি এলাকার আর্ত সামাজিক উন্নয়নে কাজ করছেন নিরলসভাবে। তাই তাঁদের শ্রদ্ধা জানাতে আমাদের এই আয়োজন। এতে করে ভালোবাসার বন্ধন আরো অটুক হবে বলে আমি মনে করি। প্রবাসীদের সম্মাননা জানাতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ বলেন, জীবনের প্রয়োজনে প্রবাসে বসবাস করলেও নাড়ির টানে প্রবাসীদের ছুটে আসেন নিজ জন্মভূমিতে। এলাকার সার্বিক উন্নয়নে রাখছেন তাঁরা বিশেষ অবদান। আমি তাদেরকে অভিবাদন ও শুভেচ্ছা জানাচ্ছি।