জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামে এক লন্ডনী তরুনীর বাল্য বিবাহ পন্ড করে দিয়েছে প্রশাসন। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমান বাল্য বিবাহের সকল আয়োজন বন্ধ করে দিয়ে লন্ডনী তরুণী ও তার বাবা মায়ের কাছ থেকে বাল্য বিবাহ না দেয়ার অঙ্গীকার নিয়ে মুচলেকা আদায় করেন।
জানা গেছে, প্রায় এক মাস আগে যুক্তরাজ্য প্রবাসী তার মেয়েকে নিয়ে দেশে আসেন। মেয়ের ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই মেয়ের মা পাশ্ববর্তী গোরারগাঁও গ্রামের নিকট আত্মীয়ের সাথে ছেলের বিয়ের কথাবার্তা চূড়ান্ত করেন। বিষয়টি জানতে পেরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমান ঘটনাস্থলে গিয়ে মেয়ে ও মেয়ের বাবা মায়ের সাথে কথা বলে জানতে পারেন মেয়ের বিয়ের বয়স হয়নি। তাই তিনি মেয়ের বিয়ে না দিতে সবাইকে বুঝালে পরিবারের লোকজন এতে সম্মত হয়। পরে অঙ্গীকার নামায় মুচলেকা দেন যে বয়স পূর্ণ হওয়ার আগে বিয়ে না দেয়ার।
ওই মেয়ের মা জানান, মেয়ের বিয়ের কোন আয়োজন হয়নি। বিয়ের কথাবার্তা চলছিল। মেয়ের বয়স পূর্ন হওয়ার পরই আমরা বিয়ে দেব।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমান বলেন, লন্ডনী তরুণীকে বাল্য বিবাহ দেয়া হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি বিয়ে নয় বিয়ের কথা বার্তা চলছিল। তারপরও আমরা মেয়ের বাবা মা ও মেয়ের নিকট থেকে মুচলেকা আদায় করেছি যাতে বিয়ের বয়স পূর্ণ হওয়ার আগে যাতে বিয়ে না হয়।


