জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার দুরন্ত ক্লাবের উদ্যোগে রানীগঞ্জ ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার দিনব্যাপী দূরন্ত ক্লাবের উদ্যোগে বিদ্যালয়গুলোতে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। সকালে রানীগঞ্জ ডি এস আলিম মাদ্রাসা থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূরন্ত ক্লাবের সভাপতি আকবর হোসেন। সাধারণ সম্পাদক দিদার হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, রানীগঞ্জ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ গোলাম মোস্তফা, সিনিয়র শিক্ষক কাজী নজরুল ইসলাম, দূরন্ত ক্লাবের সহ-সভাপতি জুনায়েদ আহমদ, অর্থ সম্পাদক সুমন মিয়া, দাতা সদস্য আখলই মিয়া, উপদেষ্টা সদস্য আবুল কাশেম, আওয়াল মিয়া প্রমুখ।
শিক্ষা উপকরণের মধ্যে ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খাতা ও কলম। পরে ক্লাবের নেতৃবৃন্দ রানীগঞ্জ ও চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ৩৫টি স্কুল, মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ হিসেবে খাতা ও কলম তুলে দেন।
দূরন্ত ক্লাবের সভাপতি আকবর হোসেন ও সাধারণ সম্পাদক দিদার হোসেন জানান, দূরন্ত ক্লাব একটি শিক্ষামূলক সামাজিক সংগঠন। তাই ক্লাবের পক্ষ থেকে আমরা শিক্ষার অগ্রগতি ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে শিক্ষা উপকরন বিতরনের কর্মসূচী গ্রহন করেছি। প্রতি মাসে আমরা বিভিন্ন বিদ্যালয়ে এধরনের কার্যক্রম অব্যাহত রাখব।


