জগন্নাথপুর ছাত্রলীগ মতিউরের বিরুদ্ধে বিক্ষোভ করলো

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ থেকে পরপর দুই বার নির্বাচিত সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানকে নিয়ে কটুক্তির প্রতিবাদ এবং জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানকে সভাপতির পদ থেকে অপসারণের দাবিতে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা শুক্রবার বিকেলে জগন্নাথপুর পৌর শহরে অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর বাজার থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পয়েন্টে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুুত কমিটির সিনিয়র সহ-সভাপতি সাফরোজ ইসলাম মুন্নার সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা তোহা চৌধুরীর  
পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ সহ-সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন, ছাত্রলীগ নেতা আবুল মোমিন নাসির,সজিব রায় দুর্জয়, জগন্নাথপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা মুহিবুর রহমান লিটু প্রমুখ।
সভা ও মিছিলে  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মাছুম আহমদ, পৌর আওয়ামী লীগ নেতা প্রজেশ কান্তি গোপ, উপজেলা যুবলীগ সহ-সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, যুক্তরাজ্য প্রবাসী মামুনুর রশিদ ভূঁইয়া, পৌর আওয়ামী লীগ নেতা আছকির মিয়া,কলকলিয়া ইউনিয়ন যুবলীগ নেতা কামরুল বক্স, পৌর যুবলীগ নেতা ছিদ্দিকুর রহমান, পৌর ছাত্রলীগ নেতা মিছবাহ প্রমুখ।
মিছিল ও প্রতিবাদকারীরা সৎ সজ্জন রাজনৈতিক ব্যক্তিত্ব অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানকে জড়িয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমানের মিথ্যা বক্তব্যর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাঁর বক্তব্য প্রত্যাহার ও তাকে জেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় মতিউর রহমানের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলার কথা বলা হয়।