জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর এলাকার জগন্নাথপুর বাজারস্থ জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের ইকড়ছই এলাকায় একটি তুলার দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর দুইটায় মির্জা কাজলের মালিকানাধীন মার্কেটের একটি কক্ষে এ ঘটনা ঘটে।
জানা গেছে , জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী মৃদুল দেব দোকান ভাড়া নিয়ে ওই কক্ষে তুলা মজুদ করে রাখেন। শুক্রবার দুপুরে ঘরের চালে ওয়েল্ডিং কাজ করার সময় আগুন লেগে যায়।
এক পর্যায়ে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে উঠে। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মৃদুল দেব জানায়, আগুন লেগে তার প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জগন্নাথপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক তাজউদ্দিন আহমদ জানান, অগ্নিকান্ডের ঘটনাটি প্রতিবেশী ব্যবসায়ী, ফায়ার সার্ভিসসহ সকলের সহযোগিতায় বড় ধরনের অগ্নিকান্ড থেকে রক্ষা পেয়েছে বাজারটি। শুধুমাত্র তুলার গুদাম ছাড়া আর কোন দোকানে ক্ষয়ক্ষতি হয়নি।


