স্টাফ রিপোর্টার
সদর উপজেলার সুরমা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের জগন্নাথপুর-মইনপুর সড়কে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে চলেছে। গত শুক্রবার সন্ধ্যায়ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এই সড়কে। গত এক বছরে এই সড়কে একাধিকবার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, ইব্রাহীমপুর থেকে মঙ্গলকাটা আসা-যাওয়ার ক্ষেত্রে জগন্নাথপুর ও মইনপুর গ্রামের পাশের সড়ক ব্যবহার করেন এলাকাবাসী। এই সড়কের উপর মইনপুর এলাকায় কালভার্ট সেতু রয়েছে। এই সেতু থেকে জগন্নাথপুর পর্যন্ত মধ্যবর্তী স্থানে ঘর-বাড়ি না থাকায় রাতে এই এলাকা নিরব থাকে। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত ওঁত পেতে ওখানে বসে থাকে চিহ্নিত মাদক সেবীর একটি দল। এসব মাদক সেবী ছিনতাইয়ের ঘটনার সঙ্গে যুক্ত।
ইব্রাহীমপুর-মঙ্গলকাটা সড়ক দিয়ে তিন ইউনিয়নের মানুষের শহরে আসার সহজ পথ। এই সড়ক দিয়ে দিনে ও রাতে সুরমা, জাহাঙ্গীরনগর ও রঙ্গারচর ইউনিয়নের হালুয়ারঘাট, বেরীগাঁও, মঙ্গলকাটা, বনগাঁও, হাসাউড়াসহ সুরমার উত্তরপাড়ের মানুষ শহরে আসা-যাওয়া করেন। এখানে এসে প্রায়ই ছিনতাইয়ের শিকার হন যাত্রী বা চালকরা। গত শুক্রবার সন্ধ্যা ৭ টায় বনগাঁওয়ের এক মটরবাইক চালকের কাছ থেকে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় ওঁত পেতে থাকা মাদক সেবীর দল।
মটরবাইকের যাত্রী সুলেমান মিয়া বলেন, আমরা শহরে কাজ শেষে সন্ধ্যার পর বাড়ি ফিরি। এখানে এসে প্রায়ই মাদক সেবীর মুখোমুখি হই। আমাদের মটরবাইক থামিয়ে আবার ছেড়েও দেয়। সন্ধ্যার পর এই সড়কে মেয়ে-ছেলে নিয়ে গাড়ি করে আসা-যাওয়ায় নিরাপত্তা কম।
মোটর সাইকেল চালক রাশিদ আলী বলেন, মইনপুর ও জগন্নাথপুরের মাদকসেবীরা প্রায় রাতেই ছিনতাইয়ের ঘটনা ঘটায়। এই সড়কে সন্ধ্যার পর চলাচল করা নিরাপদ নয়।
আরেক চালক শহীদ মিয়া বলেন, মইনপুর-জগন্নাথপুর গ্রামের পাশ দিয়ে মঙ্গলকাটা যাতায়াতের মেইন সড়ক পাকা হওয়ার আগে থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটে আসছে। গত এক বছর আগে এই সড়ক পাকা হয়েছে। এখনো এখানে ছিনতাই হয়। জগন্নাথপুর গ্রামের নিথিশ বর্মন বলেন, ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনী ব্যবস্থা নেওয়া জরুরি।
মইনপুর গ্রামের প্রবীণ ব্যক্তি শওকত আলী বলেন, শুক্রবার সন্ধ্যায় জগন্নাথপুর-মইনপুর সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পথচারীর নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এসময় ছিনতাইকারীরা এক পথচারীকে চাপাতি দিয়ে আঘাত করে।
মইনপুর গ্রামের ইউপি সদস্য ময়না মিয়া বলেন, এই সড়কের মইনপুর ও জগন্নাথপুরের ফাঁকা স্থানে ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে অনেকেই জানিয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গ্রামের মান ইজ্জত নষ্ট হচ্ছে। সকলে মিলে সড়কে চলাচলকারী মানুষের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
সুরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুছ সাত্তার বলেন, জগন্নাথপুর-মইনপুর সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে অনুরোধ জানাবো আমি।
সুনামগঞ্জ সদর থানার ওসি শহিদুর রহমান বলেন, জগন্নাথপুর-মইনপুর সড়কে ছিনতাই হয় এমন অভিযোগ কেউ জানান নি, তবু খবর নিয়ে ব্যবস্থা নেব আমি।


