জঙ্গিরা বাংলাদেশকে গোলাম রাষ্ট্র বানাতে চায় -এমএ মান্নান

আকরাম উদ্দিন
জেলা প্রশাসন ও  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় সুনামগঞ্জ শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই মেলার উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান এমপি। উদ্বোধন শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলার ৩০টি স্টলে বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তির যন্ত্রপাতিসহ কৃষি উপকরণ প্রদর্শন করা হয়েছে।
মেলা উদ্বোধন উপলক্ষে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান এমপি বলেন, ‘আমরা স্বাধীনতা পেয়েছি বলে এই দেশের উন্নয়ন করতে পেরেছি। কিন্তু একটি দল আছে, একটি গোষ্ঠী আছে, কিছু মানুষ আছে, এইসব মানুষ স্বাধীন রাষ্ট্র চায় না। তারা বাংলাদেশকে একটি গোলাম রাষ্ট্র্র বানাতে চায়। অন্যচিন্তা, অন্যসংস্কৃতির বাংলাদেশ বানাতে চায়। এদেশের মানুষ বাংলায় কথা বলে, বাংলা ভাষাকে ভালবাসে। কিন্তু ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে ভালবাসে না। এমন কিছু লোক আমাদের সমাজে এসেছে। তারা বেপরোয়া হয়ে উঠেছে। রাষ্ট্রের সম্পদ ভোগ করে খেয়ে, ব্যবহার করে, আমাদের বুকে গুলি চালায়। দেশে আসা অন্য দেশের নাগরিককে হত্যা করে এদেশকে জঙ্গিবাদী দেশ, একটি আইনশৃংখলা ভঙ্গকারী দেশ হিসাবে বিশ্বের দরবারে তুলে ধরতে চায়। যাতে বিদেশীরা এদেশে না আসে, ব্যবসা বাণিজ্য না হয়, এই অপচেষ্টা করছে তারা’। এর আগে সুনামগঞ্জ শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়-৭৪ এবং সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় প্রতিমন্ত্রী এম.এ. মান্নান বলেন, ‘সকল পিতা-মাতা প্রতিবন্ধী শিশুর জন্য বড় কষ্ট পান। যত কষ্ট হউক মা-বাবা তাদের প্রিয় সন্তান ছেড়ে যাবেন না। এই প্রতিবন্ধী শিশুর জীবনমান উন্নয়নে তাদের কল্যাণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন। আজ সুনামগঞ্জে প্রতিবন্ধী শিশুদের         জন্য স্কুল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই স্কুল নির্মাণে অনেক টাকা ব্যয় হবে। সকলের মনে রাখতে হবে, এটা স্বাধীন বালাদেশের সফলতা’।
তিনি আরো বলেন, ‘কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে। এ জেলার মাছ এবং ধান এই দুই-ই আমাদের প্রাণ। আমরা সবাই বাংলাদেশের মানুষ, কৃষকের জাতি, মৎস্য শিকারী জাতি। কৃষি কাজ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, গানবাজনা, চিত্রকলা যাই বলুন না কেন প্রতিটি ক্ষেত্রে কৃষির একটা উপস্থিতি আছে। কৃষিশিক্ষা, প্রশিক্ষা গত ৪০ বছরে অনেকটা বেড়েছে। আমরা কৃষি উন্নয়নের জন্য কৃষি ইন্সটিটিউট স্থাপন করে যাচ্ছি, আরও করব। বর্তমান পৃথিবীতে শাকসবজি ও মাছ উৎপাদনে বাংলাদেশ ৪র্থ স্থানে রয়েছে। সকলে এক সাথে কাজ করতে হবে, তবেই দেশের উন্নয়ন বেশি হবে।’
আলোচনা সভায় সুনামগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ্, সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন-অর-রশীদ, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. জাহেদুল হক বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার মনিরুল হাসান।
এদিকে বিকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজার সংলগ্ন মাঠে উপজেলা যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।