স্টাফ রিপোর্টার
জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা রুখে দেওয়ার দৃপ্ত শপথে উদযাপিত হয়েছে ৪৭তম স্বাধীনতা ও জাতীয় দিবস। রবিবার নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ ও ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠার অঙ্গীকারও উদযাপিত হয়েছে জোরেশোরে। এছাড়াও জনতার দাবি ছিল মুক্তিযুদ্ধের নয় মাসে পাকিস্তানি সামরিক বাহিনীর নির্বিচার গণহত্যার আন্তর্জতিক স্বীকৃতির। ২৫ মার্চ গণহত্যা দিবস পালন জাতির বেদনা ও গৌরবের ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে আরও মূর্ত করবে তুলবে বলেও মত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের। এছাড়া জঙ্গী তৎপরতার বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার শপথও উচ্চারিত হয়েছে নানা অনুষ্ঠানে।
ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিক সূচনা হয়। শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। এছাড়াও দিবসের প্রথম প্রহরে জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ, বিএনপি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন শহীদ সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে। দিনটি ছিল সরকারি ছুটি।
এদিন ভোরের আলো ফোটার মুহূর্তে সেই বীর শহীদদের শ্রদ্ধা জানাতে কালেক্টরেট চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও কেন্দ্রীয় শহীদ মিনারে
সমবেত হয়েছিলেন জেলা আওয়ামী লীগ, ছাত্র ইউনিয়ন, পৌরসভা, জেলা পরিষদ, উদীচী শিল্পীগোষ্ঠী, খেলাঘর সহ রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। পরম শ্রদ্ধায় স্মৃতির বেদী ভরে উঠেছে ফুলে ফুলে। দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে সব মসজিদে বিশেষ মোনাজাত ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। হাসপাতাল, সরকারি শিশুসদন ও এতিমখানা এবং কারাগারে বন্দীদের দেওয়া হয় উন্নত খাবার। সন্ধ্যায় গুরুত্বপূর্ণ ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ। সকাল ০৮.৩০ টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ অনুষ্ঠান ও সালাম গ্রহণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী কর্তৃক শরীর চর্চা প্রদর্শন। সকাল ১১.৩০ টায় স্থানীয় শহীদ আবুল হোসেন মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারে সদস্যদের সংবর্ধনা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিকালে মহিলাদের অংশগ্রহণে আলোচনা সভা ও ক্রীড়া অনুষ্ঠান হয়েছে। বিকাল ৪ টায় সুনামগঞ্জ স্টেডিয়ামে কাবাডি প্রতিযোগিতা এবং জেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা সাড়ে ৬ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে জাতীয় সংসদের সুনামগঞ্জ-মৌলভী বাজার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা রব্বানী, জনপ্রতিনিধিবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব, নারী, শিশু ও পেশাজীবী সংগঠন দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি পালন করেছে।


