‘জনগণের প্রতি স্টিম রোলার চালাবেন না’

স্টাফ রিপোর্টার
জনগণের প্রতি স্টিম রোলার চালাবেন না। অবিলম্বে জ্বালানি তেলে দাম কমান। ডিজেল-কেরসিনের উপর বাজারের সকল পণ্যের মূল্য নির্ভর করে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির চাপ সাধারন মানুষের উপর পড়ে। কারণ প্রতিটা জিনিসের পরিবহন খরচ লাগে। শিল্পকারখানা চালাতে গেলে ডিজেল-কেরসিন লাগে। এই কারণে আজ যে জিনিসের দাম ১০০ টাকা তা ১৫০ টাকায় পৌঁছে যাবে। এই উদাহরন আমরা আগামী ২-৩ দিনের মধ্যে পাবো।
সোমবার দুপুরে পৌর শহরের আলফাত স্কয়ারে সার, জ্বালানি তেল সহ সকল পণ্যের দাম কমানোর দাবিতে মানববন্ধনে এসব কথা বলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিলেট বিভাগীয় সমন্নয়ক অ্যাড. আনোয়ার হোসেন সুমন ।
তিনি বলেন, আয় তো মানুষের বাড়বে না, কি করবে মানুষ। মানুষের জীবন মান অনেকগুণ নেমে যাবে। সরকারের গরিব মানুষকে শোষণ করার নীতির কারণে দেশে সাধারণ মানুষের সংকট বেড়ে যাচ্ছে। সরকার কেন গরিব মানুষের বিরোধী নীতি নিচ্ছে, কারণ সরকার জানে তার পায়ের নিচে কোন মাটি নাই। এই সরকার জনগণের ভোটে ক্ষমতায় আসে নাই। তাই জনগণের প্রতি তাদের কোন দায় দায়িত্বও নাই। সরকার জানে ক্ষমতায় থাকতে হলে আমেরিকাকে খুশি রাখতে হবে, বিশ^ব্যাংক, আইএমএফ কে খুশি রাখতে হবে। তারা জানে, ক্ষমতায় থাকতে হলে অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের খুশি রাখতে হবে।
তিনি বলেন, ডিজেল, কেরসিন ও সারের মূল্য বৃদ্ধি করা উচিত হয় নাই। অতীত ইতিহাস আছে—-জনগণ যতবার মাঠে নেমেছে ততবার সরকার বাধ্য হয়েছে জনগণের দাবি মেনে নিতে। আজ যদি সারাদেশের সকল রাস্তা জনগণ দখল করে নেয়, জনগণ যদি বলে- গরিব মানুষের পকেট কেটে আপনাদের দেশ চালানোর নীতি আমরা মানি না তাহলে সরকার বাধ্য হবে ডিজেল কেরসিন সহ জনবিরোধী সকল নীতি থেকে সরে আসতে।
সরকারকে উদ্দেশ্যে করে তিনি বলেন, অবিলম্বে আপনারা যদি ডিজেল, কেরসিন ও সারের দাম না কমান তাহলে জনগণ আর দর্শক গ্যালারিতে থাকবে না, জনগণ রাস্তায় নেমে আসবে।
‘দাম কমাও জান বাঁচাও’ প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সুনামগঞ্জ জেলা শাখার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কমিউনিস্ট পার্টি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাড. এনাম আহমেদ।
সংগঠনের সাধারণ সম্পাদক জালাল সুমন’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি’র সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, কৃষক নেতা বদরুল আহমেদ প্রমুখ। এসময় সংগঠনের নেবৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।