বিজয় রায়, ছাতক
ছাতকের জাউয়াবাজার ইউনিয়ন নির্বাচন জমে উঠেছে প্রার্থীদের জমজমাট প্রচারণায়। জয়ের পাল্লা কোনদিকে ঝুঁকে আছে-এ নিয়ে ভোটারদের মাঝে প্রতিনিয়তই চলছে হিসেব নিকেশ। নির্বাচন যতই ঘনিয়ে আসছে জয়-পরাজয়ের আলোচনা ততই স্পষ্ট হয়ে উঠছে ভোটারদের কাছে। তবে এখানে নৌকার মাঝি চরম বিপাকে রয়েছেন তিন বিদ্রোহী প্রার্থীকে নিয়ে। দলের সাংগঠনিক ভয় ভীতি কোনভাবেই তাদের নিয়ন্ত্রণে আনতে পারছে না। নিজেদের জয়ের ব্যাপারে তিন বিদ্রোহী প্রার্থীই অত্যন্ত আশাবাদী ও আত্মবিশ্বাসী। তারা জয়ের সম্ভাবনাকে সামনে রেখে প্রচারনাও চালাচ্ছেন নিজস্ব কৌশলে। এ দিকে আ.লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে ছুটছেন গ্রাম থেকে গ্রামান্তরে। নিজের আসন ধরে রাখতে সর্বশক্তি প্রয়োগ করে চালাচ্ছন গণসংযোগ এবং নির্বাচনী সভা-সমাবেশ। বিগত দিনের উন্নয়ন বিবেচনায় ইউনিয়নবাসী আবারো তাকে নির্বাচিত করবে বলে তিনি আশাবাদী। অপর দিকে নতুন মুখ বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক একক প্রার্থী হিসেবে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে তার কর্মী-সমর্থকরা দাবি করছেন। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনিও কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে বিদ্রোহী প্রার্থী বিএনপির আবু সুফিয়ান তার মনোনয়ন প্রত্যাহার করে নিলেও তার কর্মী সমর্থকরা অনেকেই এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছে বলে এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। বিগত নির্বাচনেও যিনি ভোটারদের আলোচনায় ছিলেন সেই বশির আহমদ এবারো আ.লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে আলোচিত হয়ে উঠেছেন। দলীয় প্রার্থীদের পেছনে ফেলে তিনি বিজয় ছিনিয়ে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আ.লীগের আরেক বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা মুরাদ আহমদও জয়ের ব্যাপারে খুবই আশাবাদী। আঞ্চলিক বিবেচনায় তিনিও রয়েছেন বেশ সুবিধাজনক অনস্থানে। জাউয়া ইউনিয়ন নির্বাচনে ১২ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। পরে বিএনপিসহ চার প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিলে প্রতিদ্বন্দ্বিতায় রয়ে যান ৮ চেয়ারম্যান প্রার্থী। প্রার্থী বিবেচনায় ১৩ ইউনিয়নের মধ্যে শীর্ষে জাউয়া ইউনিয়ন। অন্যান্য প্রার্থীর মধ্যে আ.লীগের বিদ্রোহী রেজামিয়া তালুকদার, জাপার প্রার্থী আবুল কালাম, স্বতন্ত্র জাহাঙ্গির আলম ও আল আমিন রয়েছেন প্রচারণায়। সংরক্ষিত আসনের প্রত্যেকটিতে ৩জন করে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এ ছাড়া সাধারণ সদস্য পদে ৯ ওয়ার্ডে ৪৭জন প্রার্থীর বিরতিহীন প্রচারণায় সরগরম হয়ে উঠেছে গোটা ইউনিয়ন।
৩৪টি গ্রাম ও জাউয়াসহ ৩টি বাজার নিয়ে জাউয়া ইউনিয়ন গঠিত। প্রশাসনের তথ্য অনুযায়ী ১৪টি ভোট কেন্দ্রের মধ্যে ১০টি অধিক ও ১টি ঝুঁকিপূর্র্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখানে মোট ভোটারের মধ্যে নারী ভোটারের সংখ্যা বেশী। পুরুষ ভোটার ৯হাজার ৩শ’ ৬৮ ও ৯ হাজার ৫শ’ ৭১জন নারী ভোটার রয়েছে। আগামী ৩১ মার্চ ইউনিয়নের ১৮হাজার ৯শ’ ৩৯জন ভোটার একটি উৎসমুখর পরিবেশে ভবিষ্যত প্রতিনিধি নির্বাচনের প্রত্যাশায় প্রহর গুনছেন।


