জাওয়ার হাওরে জোরপূর্বক অবৈধভাবে মাছ ধরার অভিযোগ

স্টাফ রিপোর্টার
শহরতলির জাওয়ার হাওর গ্রুপ জলমহাল জোরপূর্বক দখল করে কারেন্ট জাল, কোনা জাল দিয়ে মাছ আহরণ করার অভিযোগ করেছেন উত্তর আরপিননগর স্টার মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. লেইছনুর মিয়া।
বুধবার জেলা    প্রশাসকের নিকট দায়ের করা লিখিত অভিযোগে মো. লেইছনুর মিয়া জানান, জাওয়ার হাওর গ্রুপ জলমহালটি উন্নয়ন প্রকল্পের আওতায় ১৪২০-১৪২৫ বাংলা সন পর্যন্ত ইজারাপ্রাপ্ত হয়ে প্রত্যেক বৎসর যথারীতি ইজারামূল্য পরিশোধ করে আসছেন তারা। ১৪২৪ বাংলা সনের খাজনাও পরিশোধ করেছেন তাঁরা। কয়েকদিন হয় জলমহালের পাশ্ববর্তী গ্রামের কিছু লুটেরা প্রকৃতির লোকজন জোরপূর্বক জলমহালে গিয়ে কারেন্ট জাল ও কোনা জাল দিয়ে মাছ আহরণ করছে। সমিতির লোকজন বাধা দেওয়ায় গত মঙ্গলবার জলমহালের খলাঘর থেকে সমিতির লোকজনকে বের করে দিয়ে কিছু লোক জোরপূর্বক খলা দখলে নেয়। এসময় খলাঘরে থাকা জাল, মেশিনসহ সবকিছুরই ক্ষতি করে তারা।
এই অবস্থায় ইজারাদার সমিতির সাধারণ সম্পাদক লেইছনুর মিয়া প্রশাসনের সহায়তা চেয়ে করা আবেদনে উল্লেখ করেছেন, লুটেরা প্রকৃতির লোকজন যাতে অবৈধভাবে মাছ আহরণ না করতে পারে এই বিষয়ে তারা আইনী সহায়তা চান।
আবেদনের অনুলিপি পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে দিয়েছেন মো. লেইছনুর মিয়া।