স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। সেই স্বাধীনতা অর্জনে লাখো শহীদ রক্ত দিয়েছেন। কিন্তু স্বাধীনতা অর্জনের জন্য, বাংলাদেশ নামে একটি দেশ প্রতিষ্ঠার জন্য, একটি জাতি গড়ে তোলার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সংগ্রাম, তাতে যিনি প্রেরণা যুগিয়েছেন তিনি আমার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব।
শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্লাটফর্মে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। সভায় দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং গোপালগঞ্জের শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সুনামগঞ্জ প্রান্তে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জসিম উদ্দিন, সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, আসিফ আল জিনাত, মো. স¤্রাট হোসেন, মো. রিফাতুল হক, ॥ সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সুচিত্রা রায়, সুনামগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন প্রমুখ।
আলোচনা সভা শেষে সুনামগঞ্জ জেলায় দুঃস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। জুম কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক বিভাগের অর্থ লেনদেন নগদ এর মাধ্যমে দুঃস্থদের মধ্যে অর্থ সহায়তার অর্থ বিতরণ করেন।
সুনামগঞ্জ জেলায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-সুনামগঞ্জ আসনের সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম এবং সিভিল সার্জন সুনামগঞ্জ ডা. মো. শামস উদ্দিন।
জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ব্যবস্থাপনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ছয় জন দুঃস্থ মহিলাদের মধ্যে ৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
সুনামগঞ্জ জেলায় সেলাই মেশিন বিতরণ করা হয় মোট ৬৬ টি। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারগণ তা বিতরণ করেন। তাছাড়া ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং নগদ এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত ২ হাজার টাকা প্রদান করা হয় সুনামগঞ্জ জেলার ২০ জন দরিদ্র ও দুঃস্থ মহিলাকে।
উল্লেখ্য, ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে জাতির পিতার হত্যাকারীদের হাতে নির্মমভাবে প্রাণ হারান তিনি। ইতিহাসে বেগম ফজিলাতুন্নেসা মুজিব কেবল একজন প্রাক্তন রাষ্ট্রনায়কের সহধর্মিণীই নন, বাঙালির মুক্তি সংগ্রামে অন্যতম এক নেপথ্য অনুপ্রেরণাদাত্রী। বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে তিনি বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন। ছায়ার মত অনুসরণ করেছেন প্রাণপ্রিয় স্বামী বঙ্গবন্ধুর আদর্শকে। এই আদর্শ বাস্তবায়নের জন্য অবদান রেখেছেন। জীবনে অনেক ঝুঁকিপূর্ণ কাজ করেছেন, এজন্য অনেক কষ্ট-দুর্ভোগ পোহাতে হয়েছে তাকে।


