জাতিসত্ত্বাকে ধারণ করে রেখেছেন লোককবিরা -এমপি মানিক

স্টাফ রিপোর্টার
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, আগে লোক উৎসবে দুর্ব্বীণ শাহ না থাকায় আমাদের মন অতৃপ্ত ছিল। এবার সেই অতৃপ্তির অবসান হয়েছে। আর এজন্য তিনি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, লোক কবিরা আমাদের জাতীসত্ত্বাকে ধারণ করে রেখেছেন। জাতি, ধর্ম, বর্ণের গন্ডিতে তাদের আবদ্ধ রাখা যাবে না।
রাধারমণ, আব্দুল করিম, দুর্ব্বীণ শাহ, হাছনরাজা কোন জেলা, বিভাগ বা দেশের নয়, সমগ্র বিশ্বের যেখানে যত বাঙালি আছেন সকলের। মরমী কবিরা আমাদের গৌরবের, অহংকারের ধন।
তিনি বলেন, সাদামাটা জীবন যাপন করেছেন দুর্ব্বীণ শাহ। নিজের পরিবারের কথা ভাবেননি। ভেবেছেন মানুষের কথা, মানুষের মঙ্গলের কথা। বর্তমানে তাঁর পরিবার অত্যন্ত নাজুক অবস্থায় আছে। বছরের একদিন তাদের খোঁজ না করে সবসময় তাদের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে। সহায়তায় এগিয়ে আসতে হবে আমাদের।
সকলকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, মরমী কবিদের স্মৃতিচিহ্ন আমাদের সংরক্ষণ করতে হবে। যাতে আগামী প্রজন্ম তাদের সম্পর্কে জানতে পারে।
লোক উৎসবের দ্বিতীয় দিন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে লোক উৎসবের ২য় দিন লোক কবি দুর্ব্বীণ শাহ স্মরণে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।  
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গবেষক সুভাস উদ্দিন, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মো. লাহিন, ছাতক উপজেলার উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমেদ, জাউয়াবাজার   ইউপি’র নব-নির্বাচিত চেয়ারম্যান মুরাদ হোসেন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, দুর্ব্বীণ শাহের পুত্র আলোক শাহ।
শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মঞ্জুরুল হক চৌধুরী পাবেল’র পরিচালনায় আলোচনা পর্বের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর মো. শাহরিয়ার।
গবেষক সুভাষ উদ্দিন বলেন, সুনামগঞ্জে জন্ম নিয়ে আমরা গর্বিত। কারণ মরমী কবিদের নাম দিয়ে আমরা মালা গাঁথতে পারি। প্রাক্তন জেলা প্রশাসক মোহাম্মদ আলী খান একবার আফসোস করে বলেছিলেন, ‘আমার বাড়ি মধুমতির তীরে যদি সুনামগঞ্জের মরমী কবিদের অন্তত একজন থাকতেন তাহলে আমার জীবন ধন্য হতো।
তিনি আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এবার আমরা চারজন লোক কবির উৎসব করছি। মহাকবি সঞ্জয়কে নিয়ে আগামীতে পঞ্চকবির উৎসব করলে জেলার সুনাম আরো বাড়বে।
দুর্ব্বীণ শাহের পুত্র আলোক শাহ এবার প্রথম বারের মতো লোক উৎসবে দুর্ব্বীণ শাহকে সম্পৃক্ত করার জন্য ধন্যবাদ জানান।
ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, আমাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে চার লোক কবির মানবিক বোধ, দর্শন সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। এসময় তিনি এবারের উৎসবে দুর্ব্বীণ শাহ কে অর্ন্তভূক্ত করার জন্য সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এবং জেলা প্রশাসনের সকল কর্মকতাদের ধন্যবাদ জানান।
দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক বলেন, আমরা ছাতক ও দোয়ারা উপজেলা একই মায়ের দুই সন্তান। কারণ পূর্বে এই দুই উপজেলা একই থানার অর্ন্তগত ছিল। তাই ছাতকের সকল গর্বের অংশিদার দোয়ারাবাজার উপজেলাও।
লোক উৎসবের আয়োজকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আগামীতে যেন চার মরমী কবির অনুষ্ঠানের সাথে সাথে মহাকবি সঞ্জয় এবং ছাতকের লোক কবি গিয়াস উদ্দিনকে অর্ন্তভূক্ত করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, সুনামগঞ্জের মতো এতো লোককবি ও গীতিকার দেশের আর কোন জেলায় নেই। তাই আমি শিল্পকলা একাডেমীর মাননীয় ডিজি মহোদয়কে অনুরোধ জানিয়েছি যেন এখানে লোক কবিদের উপর গবেষকদের কাজ করার সুযোগ সৃষ্টি করা হয়।
আলোচনা অনুষ্ঠানের পর ছাতক উপজেলার শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।