জামালগঞ্জের স্কুলে রাতের আঁধারে জুয়ার আসর!

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নের খুঁজারাগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর সমাজপতির বিরুদ্ধে রাতে মদ জুয়ার আড্ডা সহ স্কুল মেরামতের ৭৫ হাজার টাকা আত্মসাতের লিখিত অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একই গ্রামের মৃত প্রদীপ রঞ্জন পুরকায়স্থর ছেলে সমাজকর্মী সুব্রত পুরকায়স্থ লিখিতভাবে এই অভিযোগ করেন।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, খুজারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০১৫-’১৬ অর্থ বছরের স্লিপ, ক্ষুদ্র মেরামত ও প্রাক-প্রাথমিক খাতের ৭৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয় । স্কুলের প্রধান শিক্ষক শংকর সমাজপতি তার অনুগত মনগড়া ম্যানেজিং কমিটি দিয়ে টাকা উত্তোলন করে নামমাত্রে রঙের কাজ করে বাকী টাকা আত্মসাত করেছেন। স্কুলে ৪জন শিক্ষক থাকলেও ক্লাশে উপস্থিত থাকেন দু’একজন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজেই রাতের বেলায় বিদ্যালয়ে মদ ও জুয়া খেলার আড্ডা বসান।
অভিযোগে আরো উল্লেখ করেন, গোষ্ঠী ও পেশী শক্তির কারণে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাধারণ মানুষ ভয়ে কিছু বলতে পারেন না। তিনি প্রধান শিক্ষক   হলেও সপ্তাহে ৩-৪ দিন স্কুল ফাঁকি দিয়ে উপজেলা সদরে বসে আড্ডা দেন শিক্ষা কর্মকর্তার চোখের সামনেই।     
এ ব্যাপারে খুজারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর সমাজপতি বলেন,‘আমাকে রাজনৈতিক ভাবে ঘায়েল করার জন্য আমার উপর মিথ্যাভাবে মদ জুয়া আর অর্থ আত্মসাতের অভিযোগ দায়ের করা হয়েছে। আমি যদি স্কুল ফাঁকি দেই তাহলে আমার কর্তৃপক্ষ দেখবেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল আলম ভুইয়া বলেন, ‘প্রাথমিক শিক্ষাই শিক্ষার মূল স্তম্ভ। এক্ষেত্রে কোন আপোষ নয়। স্লীপের টাকা আত্মসাত হলে উদ্ধারের ব্যবস্থা হবে। প্রধান শিক্ষক শংকর সমাজপতি অনিয়মিত বিদ্যালয়ে যাওয়া সবগুলো বিষয়েই দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা বলেন,‘লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রযোজনীয় ব্যবস্থা নেয়া হবে।’