আকবর হোসেন, জামালগঞ্জ
জামালগঞ্জে ইভটিজিংয়ে বাধা দেওয়ায় বখাটেরা মারধর করলেন ছাত্রীর অভিভাবকদেরকে। সোমবার বিকালে উপজেলার ভীমখালী ইউপির চান্দেরনগর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এক ছাত্রীর বাবা বখাটেদের ও তার পরিবারের লোকদেরকে আসামী করে জামালগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর পরই জামালগঞ্জের দায়িত্বরত বিশম্ভরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জকে জানালে এসআই আনোয়ার হোসেন ছাত্রী সহ আহতদেরকে গিয়ে দেখেন ও জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পান।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভীমখালী ইউনিয়নের চান্দেরনগর গ্রামের জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্রীকে প্রতিদিনই রাস্তায় উত্ত্যক্ত করে একই গ্রামের বখাটে যুবক জুয়েল আহমদ, রাসেল আহমদ ও ফারুক আহমদ। ওই ছাত্রী দীর্ঘদিন ধরে বখাটের উৎপাত সহ্য করে আসলেও গত শনিবার দিন বখাটেদের বেপরোয়া অত্যাচারে অতিষ্ট হয়ে পরিবারকে জানায়। পরিবারের লোকজনকে বিষয়টি অবহিত করলে সোমবার বিকেলে বখাটেরা আরো বেশী ক্ষিপ্ত হয়ে ছাত্রীটিকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে এলে পরিবারের লোকজনদেরকেও মারধর করে বখাটে ও তার স্বজনরা। বখাটেদের মারপিটের কারণে ৪ জন আহত হন। আহত সবাইকে জামালগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ও গুরুতর আহত ২ জনকে
হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন ছাত্রীটির পিতা ,একই গ্রামের স্কুল পড়–য়া ছাত্র ওবায়দুর রহমানের ছেলে আখলাকুর রহমান মাসুম, মুজিবুর রহমানের ছেলে আবু তালহা জীবন। এই ঘটনার পর পরই বখাটেরা ছাত্রীর পরিবারকে উপজেলা সদরে আসতে বাধা প্রদান করে ও নানান ধরনের হুমকি প্রদান করে।
এই বিষয়ে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চক্রবর্তী বলেন,‘ আমার ওই ছাত্রীকে আগে থেকেই উত্ত্যক্ত করতো এই বখাটেগুলো। এলাকাবাসীকে জানানোর ফলে সোমবার ওই ছাত্রীকে শারিরীকভাবে লাঞ্ছিত করে ও তার বাবা এগিয়ে গেলে তার বাবাকেও মারধর করে হাত ভেঙ্গে দেয়। আমরা বখাটের উপযুক্ত শাস্তি চাই।’
জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান বলেন,‘গেল বছরের সমাপনী পরীক্ষায় ওই ছাত্রী টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে। শুনেছি মেয়েটিকে বখাটেরা উত্ত্যক্ত করার প্রতিবাদ করলে দুই জন ছাত্রকেও বখাটেরা মারধর করে।
জামালগঞ্জ থানার ওসি আতিকুর রহমান বলেন,‘ লিখিত অভিযোগ পেয়েছি। বখাটের আঘাতে ছাত্রী ও তার পরিবারের লোকদেরকে মারধরের ঘটনার সত্যতা পাওয়া গেছে। বখাটেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
- মুক্তিযোদ্ধা কোটা মানা হয়নি দাবি করেছেন বজলুল মজিদ চৌধুরী খসরু
- জোরে-শোরে প্রচারণায় নেমেছেন ইমন-মুকুট


