মুক্তিযোদ্ধা কোটা মানা হয়নি দাবি করেছেন বজলুল মজিদ চৌধুরী খসরু

স্টাফ রিপোর্টার
জেলা জজশীপে অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা মানা হয়নি বলে দাবি করেছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহ্বায়ক মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু। বজলুল মজিদ চৌধুরী খসরু দাবি করেছেন গত ২২ নভেম্বর নিয়োগপ্রাপ্ত ১০ জনের মধ্যে ১ জন মুক্তিযোদ্ধার সন্তান রাখা হয়েছে।
জ্যেষ্ঠ আইনজীবী, লেখক ও মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু দাবি করেন, নিয়োগ বিধি অনুযায়ী মুক্তিযোদ্ধা ও   
শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান কোটায় ৩০  শতাংশ নিয়োগ দেবার বিধান রয়েছে। কিন্তু এই নিয়োগে যথাযথভাবে সেটি মানা হয়নি।
মুক্তিযোদ্ধা কোটায় উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে, ঐ কোটা সংরক্ষিত রাখার বিধান রয়েছে। এখানে সেটিও প্রতিপালন হয়নি।
এ ব্যাপারে দৈনিক সুনামগঞ্জের খবরের পক্ষ থেকে নিয়োগ বাছাই কমিটির চেয়ারম্যান বিজ্ঞ যুগ্ম জেলা জজ মুহাম্মদ আমিরুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি এই বিষয়ে মুঠোফোনে জানানো যাবে না বলে জানিয়েছেন।