জামালগঞ্জে কর্মসৃজন প্রকল্প নিয়ে চোর-পুলিশ খেলা

আকবর হোসেন, জামালগঞ্জ
জামালগঞ্জে কর্মসৃজনের প্রকল্প নিয়ে চোর-পুলিশ খেলা হচ্ছে। প্রকল্প স্থান এক, মেয়াদ শেষ, এখন বলছেন কাজ সরিয়ে অন্য জায়গায় স্থানান্তর করেছেন। জামালগঞ্জের ফেনারবাঁকের ইউপি সদস্যের বিরুদ্ধে ৪০ দিনের কর্মসূচির টাকা আত্মসাত করার লিখিত অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে ফেনারবাঁক ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুর রহমানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট নাজিমনগর গ্রামবাসী লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে ইউপি সদস্য  সাইদুর রহমান প্রকল্পের টাকা আত্মসাত করেছেন। তবে প্রকল্প চেয়ারম্যান ইউপি সদস্য সাইদুর রহমান বলছেন, পিআইও সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে ২য় স্থানে কাজ করিয়েছেন তিনি।  এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাহাদাৎ হোসেন ভুইয়া বলছেন,‘সাইদুর মেম্বার মিথ্যেবাদী। তার সাথে এধরনের কথা হয়নি। আমাকে জানায় নি।’ আর উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খিসা বলেছেন, ‘প্রথম কিস্তির
কাজ শেষ ২য় টার অনুমতিই দেয়া হয়নি।  শুরু করবে কিভাবে, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’
স্থানীয় নাজিমনগর গ্রামবাসীর পক্ষে আবুল কাশেম ৪০ দিনের কর্মসৃজনের টাকা আত্মসাতকারী ইউপি সদস্য সাইদুর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগে উল্লেখ করেন, ফেনারবাঁক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নাজিমনগর ঘাটপাড়ের কান্দা হইতে টুকিয়া কান্দা পর্যন্ত রাস্তার কাজের জন্য ১৫ দিন আগে ৩৫ জন শ্রমিকের জন্য ২ লক্ষ ৮০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। এই প্রকল্পের চেয়ারম্যান সাইদুর রহমান। কিন্তু এখন পর্যন্ত কাজ শুরুই করেন নি ইউপি সদস্য। ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের কাজের মেয়াদও ইতিমধ্যে শেষ হযে গেছে। কাজের এই স্থানটুকু অতিবৃষ্টির কারণে পানির নীচে তলিয়ে যায়, ফলে এলাকাবাসীকে এখন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
অভিযুক্ত ইউপি সদস্য সাইদুর রহমান বলেন,‘আমি প্রকল্পের কোন টাকা আত্মসাত করিনি। কাজ শুরু করেছিলাম, বৃষ্টি আসায় রাস্তাটি পানিতে তলিয়ে যায়। বর্তমানে রাস্তার কাজটি স্থানান্তর করে অন্যত্র আনা হয়েছে।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাহাদাৎ হোসেন ভুইয়ার বলেন,‘আমরা এখনো কাজের অনুমতি দেইনি। উনি কিভাবে এক জায়গার কাজ অন্য জায়গায় নিবেন। উনি এই বিষয়ে আমাদেরকে কোন কিছু অবহিত করেন নি। আমার কথা বলে থাকলে মেম্বার মিথ্যে কথা বলছেন,আমার সাথে কোন ধরনের কথা হয় নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা বলেন,‘ ইউপি সদস্য যদি বলে থাকে কাজটি স্থানান্তর করা হয়েছে তাহলে সেটি ভুয়া কথা। এখন পর্যন্ত ২য় পর্যায়ের কাজের অনুমোদনই দেয়া হয়নি। কাজ শুরু হবে কিভাবে, অভিযোগের বিষয়টি আমি খতিয়ে দেখব।’