হাবিবুর রহমান, জামালগঞ্জ
জামালগঞ্জে দরিদ্র জেলের পরিবারের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বেহেলী ইউনিয়নের হরিনাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষকের পরিবার প্রভাবশালী ও ধনাঢ্য হওয়ায় পুলিশ মামলা নিতে গড়িমসি করেছে বলে অভিযোগ উঠেছে। প্রথমে ওই কিশোরী ও তার বাবাকে রাতভর থানায় বসিয়ে রেখে সকাল ৮ টায় থানা থেকে কৌশলে বের করে দেয় পুলিশ।
পরে গণমাধ্যমকর্মীদের সহায়তায় প্রায় ১৮ ঘণ্টা পর শুক্রবার বিকালে মামলা নিয়েছে পুলিশ। কিশোরীর বাবা বাদী হয়ে ধর্ষক বাছিত মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশের আচরণের বিষয়টি জানাজানি হওয়ার পর উপজেলার সচেতন মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
কিশোরীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বেহেলী ইউনিয়নের হরিনাকান্দি গ্রামের দরিদ্র জেলে পরিবারের ওই কিশোরী সন্ধ্যার পর নিজ বাড়ি থেকে গ্রামের অন্যপ্রান্তে চাচার বাড়িতে রওনা হয়। পথে ওই কিশোরীকে একা পেয়ে গ্রামের রোজদার মিয়ার বখাটে ছেলে বাছিত মিয়া (২০) জোর করে মুখ চেপে গ্রামের একটি পতিত বাড়িতে নিয়ে যায়। এ কাজে বাছির মিয়াকে সহযোগিতা করে একই গ্রামের রুপা মিয়ার ছেলে জুয়েল মিয়া। বাছিত মিয়া ওই কিশোরীকে পরিত্যক্ত একটি বসত ঘরে আটকে রেখে কয়েক দফা ধর্ষণ করে। পরিত্যক্ত বসত ঘরে কিশোরীর কান্না শুনে গ্রামের লোকজন উদ্ধার করে তাকে পরিবারের কাছে পৌঁছে দেয়। পরে আইনি সহায়তা নিতে রাত প্রায় ১২টায় আহত ওই কিশোরীকে জামালগঞ্জ থানায় নিয়ে যান তার পরিবার। কিন্তু পুলিশ ধর্ষণের অভিযোগ আমলে না নিয়ে কিশোরীকে রাতভর থানায় বসিয়ে রেখে শুক্রবার
সকালে থানা থেকে বের করে দেয়।
ওই কিশোরীর পরিবারের অভিযোগ, থানার এসআই জয়নাল রাতভর তাদেরকে থানায় বসিয়ে রাখলেও ধর্ষণের অভিযোগ আমলে নেননি। ওসি সাহেব ছুটিতে চলে গেছেন জানিয়ে সকাল আটটায় তাদের থানা থেকে চলে যেতে বলেন।
পরে কিশোরীর বাবা উপজেলা সদরের এক ব্যবসায়ীর কাছে বিষয়টি খোলে বললে তিনি তাৎক্ষণিক পুরো ঘটনাটি স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানান। গণমাধ্যমকর্মীরা অভিযুক্ত এসআই জয়নাল ও ওসির কাছে ওই কিশোরী ধর্ষণ ও অভিযোগ আমলে না নিয়ে থানা থেকে ফিরিয়ে দেয়ার ঘটনা জানতে চাইলে টনক নড়ে পুলিশের। বিকালে অভিযুক্ত বাছিত মিয়াকে আসামী করে মামলা নেয় পুলিশ।
কিশোরীর অভিভাবক জানান, বৃহস্পতিবার রাতে থানায় গেলে তারা প্রথমে কিছু লেখালেখি করে কিন্তু সকালে অফিসার কোথাও চলে গেছেন বলে আমাদের থানা থেকে বের করে দেয়া হয়। থানা থেকে বের করে দেয়ার পর উপজেলা সদরের এক ব্যবসায়ী তার প্রতিষ্ঠানে জেলের পরিবারটিকে আশ্রয় দিয়ে এ প্রতিনিধিকে বলেন, ভাই দেশে কী গরীবের জন্য আইনি সুবিধা পাবার কোন অধিকার নেই?
জামালগঞ্জ থানার কর্তব্যরত ডিউটি অফিসার এসআই আবদুল ওয়াহিদ বলেন,‘ওই পরিবারের লোকজন থানার সেকেন্ড অফিসার এসআই জয়নাল আবেদীনের সাথে আলাপ করেছেন। পরে কি হয়েছে তা আর জানতে পারিনি।
এ ব্যাপারে অভিযুক্ত এসআই জয়নালের সাথে যোগাযোগ করা হলে প্রথমে তিনি ধর্ষণের অভিযোগ নিয়ে থানায় কেউ আসেনি বরলেও পরে এক পর্যায়ে তিনি বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন,‘এই বিষয়টি ডিউটি অফিসার তদারকি করেছেন, আমি তাদেরকে থানা থেকে বের করে দেইনি। ওসি সাহেব ছুটিতে চলে গেছেন এ কথাও আমি বলি নি। এরপর তিনি এ প্রতিনিধির সাথে কয়েক দফা মুঠোফোনে কথা বলার চেষ্টা করে বিষয়টি পত্রিকায় না লেখার জন্য অনুরোধ করেন।’
হরিনাকান্দি গ্রামের বাসিন্দা ও স্থানীয় ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মনু মিয়া বলেন,‘ বাছিত মিয়া ধনী ও প্রভাশালী পরিবারের হওয়ায় গরিব পরিবারের মেয়েটিকে এভাবে জোর করে ধর্ষণ করেছে। এখন থানার পুলিশ ধর্ষক বাছিত মিয়ার পরিবারের পক্ষে কাজ করছে। প্রথমে পুলিশ এঘটনায় কোন মামলা নিতে চায় নি, পরে সাংবাদিকদের মধ্যে বিষয়টি জানাজানি হওয়ায় থানা মামলা নিয়েছে।’
জামালগঞ্জ থানার ওসি মো. আতিকুর রহমান বলেন,‘কিশোরী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বাছিত মিয়ার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। কিশোরীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ ধর্ষককে দ্রুত গ্রেফতার করার চেষ্টা করছে। কিশোরীর পরিবারকে কেউ যদি থানা থেকে বের দিয়ে থাকেন তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আজ (শনিবার) ওই কিশোরীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হবে।’
পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন,‘ কিশোরী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। কিশোরী ও তার পরিবারকে থানা থেকে বের করে দেয়া হয়ে থাকলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’


