জামালগঞ্জ উপজেলায় টেস্ট রিলিফ কর্মসূচীর আওতায় দেয়া বরাদ্দের কাজ না করায় চার ইউপি সদস্যসহ পাঁচ ব্যক্তিকে বরাদ্দের টাকা সরকারি কোষাগারে জমা দানের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পত্র দিয়েছেন বলে গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে প্রকাশিত একটি সংবাদ থেকে জানা যায়। সংবাদের সারকথা হলো বর্ণিত প্রকল্পগুলো বাস্তবায়ন করে পুরো টাকা আত্মসাতের অভিপ্রায় ছিলো প্রকল্প কমিটিগুলোর। ২০১৫-১৬ অর্থবছরে টেস্টরিলিফ কর্মসূচীর আওতায় ওই উপজেলার লক্ষীপুরে রাস্তা মেরামতের জন্য ৩ মেট্রিক টন গম, একই গ্রামের একটি মসজিদের মাটি ভরাট ও অন্য একটি মসজিদে সোলার প্যানেল স্থাপনের জন্য ৫০ হাজার টাকা, নয়াহালট গ্রামের বড় মসজিদে সোলার প্যানেল স্থাপনের জন্য ৪.৫০ মেট্রিক টন চাল, ভুইয়ারহাটি-হিন্দু কালিপুর গ্রামের রাস্তা মেরামত ও মমিনপুর মসজিদে সোলার প্যানেল স্থাপনের জন্য ৫০ হাজার টাকা এবং শ্রীপুর রাস্তায় মাটি ভরাটের জন্য ৪০ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়। এর মধ্যে তিনটি প্রকল্পে পুরো বরাদ্দের পরিবর্তে আংশিক বরাদ্দ ফেরৎ চাওয়া হয়েছে, অন্য দুইটি প্রকল্পের পুরো বরাদ্দের টাকাই ফেরৎ চাওয়া হয়েছে। বর্ণিত প্রকল্প বাস্তবায়ন কাজের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নিকট বরাদ্দ ফেরৎ চেয়ে পত্র প্রদানের মধ্য দিয়ে তাদের কাজ না করা এবং আত্মসাতের অভিপ্রায়টি প্রমাণিত হয়েছে। জামালগঞ্জের উপজেলা প্রশাসনকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে হয় যে তাঁরা প্রকল্প বরাদ্দ আত্মসাতের বিষয়টি চেপে না গিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দিকে এগিয়েছেন। সচরাচর এসব ক্ষেত্রে পুরো বিষয় চেপে যাওয়ার ঘটনাই ঘটতে দেখি আমরা। সরকারি উন্নয়ন কাজের বরাদ্দ নিয়ে তৃণমূলে বাস্তবে কী ঘটে থাকে জামালগঞ্জের এই ঘটনা সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।
জনপ্রতিনিধিদের মাধ্যমেই উপজেলা পর্যায়ের বহু উন্নয়ন কাজ এখন বাস্তবায়িত হয়ে থাকে। বিশেষ করে সামাজিক সুরক্ষা কর্মসূচীর বড় অংশই স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও স্থানীয় লোকজনের সম্পৃক্ততার মাধ্যমে বাস্তবায়ন করা হয়। উন্নয়ন কাজকে শতভাগ কার্যকর, অপব্যবহার রোধ ও জনগণের কাছে পৌঁছে দিতেই এখানে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে সম্পৃক্ত করা হয়েছে। কিন্তু বেড়া যখন ধান খেয়ে যায় তখন আর কী করার থাকে? সর্বত্রই দুর্নীতির যে সর্বগ্রাসী প্লাবন দেখা দিয়েছে তা আজ তৃণমূল পর্যন্ত ভাসিয়ে ফেলেছে। দুর্নীতিবাজদের লোভের হাত বাঁচিয়ে উদ্দীষ্ট জনগোষ্ঠীর হাতে পৌঁছে মূল বরাদ্দের একেবারে নগন্য একটি অংশ। বিশেষ ক্ষেত্রে যে একভাগও পৌঁছে না জামালগঞ্জের ঘটনা এর জ্বলন্ত প্রমাণ। পত্র-পত্রিকায় এনিয়ে প্রায়শই খবরাদি প্রকাশ হয়, স্থানীয়ভাবে বাদ-প্রতিবাদও হয়। কিন্তু সবশেষে ফলাফল এক বিরাট শূন্য। এরকম হতাশাজনক পরিস্থিতিতে তৃণমূলের উন্নয়ন তথা জনগণের জীবনমানের উন্নয়ন ঘটানোর যে সরকারি সদিচ্ছা রয়েছে তার বাস্তবায়ন যে কতোটা কঠিন তা আমরা বেশ ভাল করেই বুঝতে পারি। জামালগঞ্জের মতো করে সর্বত্রই যদি এরকম জবাবদিহিতা নিশ্চিত করা যেতো তাহলে বরাদ্দ হজম করে ফেলার কুচিন্তা থেকে অনেকেই দূরে সরে আসতেন। জবাবদিহিতার এই জায়গাটি সর্বত্র প্রসারিত হোক আমরা শুধু এই অভিপ্রায়টুকু ব্যক্ত করতে পারি মাত্র। আর কিছু নয়।
জামালগঞ্জে যে পাঁচ ব্যক্তিকে টাকা ফেরৎ দানের চিঠি দেয়া হয়েছে তা যাতে টাকা ফেরৎ পাওয়া অব্ধি কার্যক্ষম থাকে সেই অনুরোধ আমাদের। মাঝপথে যাতে কোন কারসাজি অথবা হস্তক্ষেপে বিষয়টি ভন্ডুল না হয়ে যায় সেটি নিশ্চিত করতে আমরা অনুরোধ জানাই উপজেলা প্রশাসনের প্রতি।

