জামালগঞ্জে দুই ভাই

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটযুদ্ধের প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামলেন আপন দুই ভাই। বড় ভাই আওয়ামী লীগ নেতা শওকত আলী ও ছোট ভাই বিএনপির দলীয়   প্রার্থী মোকসোদ আলী। মঙ্গলবার দুপুরে উপজেলা রিটার্নিং অফিসারের কাছে দুই ভাইয়ের পক্ষে তাদের নিকট আত্মীয়রাও ভাগ হয়ে মনোনয়ন দাখিলে অংশগ্রহণ করেন।
মঙ্গলবার দুপুর ১ টায় ছোট ভাই বিএনপির দলীয় প্রার্থী মোকসেদ আলী উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের নিয়ে বেহেলী ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন। ছোট ভাই বের হয়ে যাবার কয়েক মিনিট পরই বড় ভাই শওকত আলী তাঁর কর্মীসমর্থক আত্মীয়-স্বজনদের সাথে নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে চেয়ারম্যানে মনোনয়নপত্র দাখিল করেন। বিষয়টি জানাজানি হলে উপজেলাজুড়ে আলোচনা শুরু হয়েছে।   
বড় ভাই স্বতন্ত্র প্রার্থী শওকত আলী বলেন,‘আমি আগে থেকেই চেয়ারম্যান পদে নিবার্চন করার জন্য মাঠে আছি। কিন্তু বিএনপির একটি মহল আমার সাথে ষড়যন্ত্র করে আমার ছোট ভাইকে ধানের শীষ প্রতীক দিয়ে আমাকে ঠেকাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।’
বিএনপির দলীয় প্রার্থী ছোট ভাই মাসুদ আলম মোকসোদের মোবাইল ফোন বন্ধ থাকায় একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ৬ষ্ঠ ধাপে আগামী ৪ জুন বেহেলী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।