ব্যতিক্রমী প্রতিদ্বন্দ্বিতা ধর্মপাশায় পিতা-পুত্র

ধর্মপাশা প্রতিনিধি
তাঁরা দু’জন সম্পর্কে পিতাপুত্র। পুত্র মুহিত লাল তালুকদার ওরফে মুন ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পিতা মনীন্দ্র চন্দ্র তালুকদার উপজেলা আওয়ামী লীগের সাবেক   ভারপ্রাপ্ত সভাপতি।
পুত্র গত কয়েক বছর আগে থেকে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে আসলেও যখন দলীয় প্রতীকে নির্বাচন হবে এমন কথা শোনার পর পুত্র সরে গিয়ে পিতাকে দলীয়ভাবে মনোনীত করার চেষ্টা চালান। পরে পিতাও দলীয় মনোনয়ন না পাওয়ায় পিতাপুত্র উভয়ই নিজ ইউনিয়নে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোয়নপত্র দাখিল করেন। মঙ্গলবার ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এ তথ্য পাওয়া যায়।
মনীন্দ্র চন্দ্র তালুকদার নিজ ইউনিয়ন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন কিন্তু গত ৭ মে উপজেলার ১০টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণা করা হলে সুখাইড় রাজপুর উত্তর ইউনিয়নে ফরহাদ আহমেদকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
সুখাইড় রাজাপুর উত্তর ও সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন মুহিত লাল তালুকদার ও মনীন্দ্র চন্দ্র তালুকদারের মনোনয়নপত্র জমাদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
মনীন্দ্র চন্দ্র তালুকদার জানান, তিনি দলীয় মনোনয়ন লাভের চেষ্টা করেছিলেন কিন্তু মনোনয়ন পাননি। এবিষয়ে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রীর কাছে আপিল করেছেন। মঙ্গলবার মনোনয়নপত্র জমা দানের শেষ দিন হওয়ায় সংগ্রহকৃত মনোনয়ন পত্রটি দাখিল করেছেন। আপিলে যদি দলীয় মনোনয়ন না পান তাহলে তিনি প্রত্যাহার করে নিবেন। তবে তার ছেলে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন।