জামালগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জামালগঞ্জ অফিস
সুনামগঞ্জের জামালগঞ্জে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর সলিল সমাধি হয়েছে। রবিবার সকালে ভীমখালী ইউনিয়নের কলকতখাঁ গ্রামের পার্শ্ববর্তী খালে এ ঘটনাটি ঘটে। নিহত দু’জনের নাম রাহিমা বেগম (৬) ও তার আপন ছোট বোন মুসলিমা বেগম (৪)। তারা ভীমখালীর কলকতখাঁ গ্রামের আমপাড়া হাঁটির মোঃ সুরুজ আলীর মেয়ে।
জানা যায়, ওইদিন সকালে পরিবারের অগোচরে দুই বোন রাহিমা ও মুসলিমা বাড়ির পার্শ্ববর্তী একটি খালে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে তারা সেখানে তলিয়ে গেলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে স্থানীয় বাজারে নিয়ে যায়। পরে পল্লী চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।