জামালগঞ্জে বাঁধের কাজে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে হাওর রক্ষা বাঁধ নির্মাণে ধীরগতি, অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় উপজেলা পরিষদ গেইটের সামনে উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাওর বাঁচাও আন্দোলন উপজেলা শাখার সভাপতি শাহানা আল আজাদ। সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থের পরিচালনায় এতে বক্তব্য দেন, উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর, প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্ল্যাহ সরকার, হাঁওর বাঁচাও আন্দোলনের সহ সাধারণ সম্পাদক কবির আলম, গণসংযোগ বিষয়ক সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন ও কমরেড বরুণ রায় স্মৃতি পরিষদের সহ সভাপতি মো. আলী আমজাদ প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন, সহ সভাপতি মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা অনীল পুরকায়স্থ, সাংগঠনিক সম্পাদক আলী আক্কাছ মুরাদ, সহ সাংগঠনিক সম্পাদক এম আল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. বায়েজীদ বিন ওয়াহিদ, সাংবাদিক দিল আহমেদ, মহিলা নেত্রী হাফছা বেগম, মনোয়ারা আক্তার ও শিরিনা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, চলতি বছরের ফসল রক্ষা বাঁধের কাজ বিলম্বে শুরু হয়েছে এবং চলছেও ধীরগতিতে। এতে প্রতিটা ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির আবাস পাওয়া যাচ্ছে। হাওরে যেভাবে ধীরগতিতে কাজ চলছে তাতে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা কোনভাবেই সম্ভব নয়। যদি দুর্যোগের কবলে পড়ে উপজেলার অগণিত কৃষক ক্ষতিগ্রস্ত হয় তাহলে হাওর বাঁচাও আন্দোলন কৃষকের পাশে থেকে আন্দোলন করে যাবে। কৃষকের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলছে তারা কেউ রেহাই পাবে না।
মানববন্ধন পরবর্তী হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ উজ্জ্বলপুর-জাল্লাবাজের মাঝখানের পাগনার হাওরের ঝুঁকিপূর্ণ ১৭নং পিআইসির বাঁধের কাজ পরিদর্শন করেন।