জামালগঞ্জ প্রতিনিধি
‘জামালগঞ্জে বাড়ি আমার’ শিরোনামের একটি পল্লীগীতি শীঘ্রই ইউটিউভ চ্যানেলে রিলিজ হতে যাচ্ছে। গানটি লিখেছেন লোকসংস্কৃতির রাজধানী সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার তরুণ কবি ও শিশুসাহিত্যিক পঙ্কজ শীল। গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত তরুণ কণ্ঠশিল্পী পান্থ সরকার। জামালগঞ্জের সুরমা নদীর তীরবর্তী স্থানসহ এলাকার প্রাকৃতিক সৌন্দর্যম-িত বিভিন্ন লোকেশন গানটির ভিডিও ধারণ করা হয়েছে। এতে মিউজিক করেছেন সুদীপ চক্রবর্ত্তী। আগামী ৪ ফেব্রুয়ারি শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ঢ়ধহঃযধ ংধৎশবৎ-এ রিলিজ হওয়ার কথা রয়েছে।
শিল্পী ও গীতিকারের সাথে কথা বলে জানা যায়, গানটিতে জামালগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। জন্মভূমির প্রতি নিখাদ ভালোবাসার কথাও ফুটিয়ে তোলা হয়েছে গানটিতে। এছাড়াও আছে সেখানকার মানুষের মধ্যকার সম্প্রীতি ও যুগ যুগ ধরে চলে আসা অসাম্প্রদায়িক চেতনার কথা। ভাটির মানুষ কতটা সহজ-সরল ও নির্ভেজাল জীবনের অধিকারী তাও সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে গানে। নিরন্তর বয়ে চলা সুরমা, ভাটির বন্দরখ্যাত সাচনা বাজার এবং এখানকার স্কুল-কলেজে লেখাপড়ার সুখস্মৃতির প্রতি গভীর অনুরাগের কথা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সবকিছু মিলে নিজের জন্মস্থানকে অপরিচিতজনের কাছে সুন্দরভাবে তুলে ধরার প্রচেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
কণ্ঠশিল্পী পান্থ সরকার জানিয়েছেন, নিজ এলাকা জামালগঞ্জের প্রতি তাঁর আলাদা একটা টান আছে। সে জায়গা থেকেই গানে কণ্ঠ দিয়েছেন তিনি। বিশেষ করে গীতিকার পঙ্কজ শীল যে কথামালায় গানটিকে তুলে ধরার চেষ্টা করেছেন তা খুবই ভালো লেগেছে তার। সবচেয়ে আনন্দের বিষয় জামালগঞ্জবাসী নিজেদের এলাকার কথা গানে গানে শুনতে পারবেন। এ গানটি গাইতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান বলে মনে করছেন তিনি।
এ ব্যাপারে গানের গীতিকার পঙ্কজ শীল বলেন, আমি জামালগঞ্জের বৈচিত্র্যময় প্রকৃতি ও এখানকার সাদামাটা মানুষজনকে বড্ড বেশি ভালোবাসি। এই মাটি ও মানুষের সাথে আমার আত্মার দৃঢ় বন্ধন। এলাকার প্রতি গভীর মমত্ব ও ভালোবাসা থেকেই গানটি লেখা। স্থায়ী অন্তরাসহ মোট সাত অন্তরায় সবকিছু সাজানোর চেষ্টা করেছি। আশা করি গানটি সকলের ভালো লাগবে।


