জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে বিএডিসির পাকা সেচ ড্রেন ভেঙ্গে নিয়ে যাওয়ার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। গত সোমবার অভিযোগটি দায়ের করেন জামালগঞ্জ সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামের কৃষক মো. হারুন মিয়া। অভিযোগে একই গ্রামের বজলুর রহমানের ছেলে মো. শামসুন্নুর কামালকে অভিযুক্ত করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি কৃষকের সেচ সুবিধার্থে বিএডিসি কর্তৃক নির্মিত সরকারি পাকা ড্রেন টুকরো টুকরো করে ভেঙ্গে নিজ গৃহ নির্মাণসহ আনুষাঙ্গিক কাজে লাগিয়ে নিজের ফায়দা হাসিলের চেষ্টা করে। এতে চাঁনপুর গ্রামের নূরুল ইসলামের বাড়ি থেকে কিত্তারছটা বিল পর্যন্ত সেচ ড্রেনটি অকার্যকর অবস্থায় পড়ে থাকায় পাগনা হাওর পারের কৃষকেরা সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাই কৃষকের কথা চিন্তা করে মো. হারুন মিয়া এ অভিযোগটি দায়ের করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব বলেন, অভিযোগটি পেয়েছি। তবে বিষয়টি যেহেতু বিএডিসির তাই তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। যদি তারা ব্যবস্থা না নেয় তাহলে আমি বিষয়টি দেখব।


