জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতিবন্ধীর মৃত্যু

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। জামালগঞ্জ উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের আলী উস্তারের ৭ প্রতিবন্ধী সন্তানের একজন সে। তার নাম রুবেল মিয়া (১৮)।
শনিবার সুনামগঞ্জের খবরে ওই প্রতিবন্ধী পরিবারকে নিয়ে ‘অনিশ্চিত জীবন তাদের’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পরদিন সন্ধ্যায় বিদ্যুতের তারে লেগে তার মৃত্যু হয়। এতে আহত হয় ওয়াহিদ (২৫) ও মাছুম মিয়া (৩২) নামের আরও ২ জন। আহত ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাবা আলী উস্তারের সাথে কথা বলে জানা যায়, গত রবিবার বিকালে তাহিরপুরের জামালগড় মামার বাড়ি থেকে ফেরার পথে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের মমিনপুর-বাবুরহাঁটির মধ্যবর্তী স্থানে এলে ঝড়-বৃষ্টি শুরু হয়। তখন ঝরের কবল থেকে রক্ষা পেতে গ্রামের কিনার হয়ে বাড়িতে ফেরার চেষ্টা করছিল তারা। এ সময় বৈঠায় থাকা প্রতিবন্ধী রুবেল পানি থেকে কয়েক হাত উঁচুতে থাকা বিদ্যুতের মেইন তারে লেগে পানিতে পড়ে যায়। তার সাথে আরও দু’জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। ওইদিন সন্ধ্যায় অনেক খোঁজাখুজির পর নিহত রুবেলের লাশ পাওয়া যায়নি। গতকাল সকালে ফের খোঁজাখুজি করে তার লাশ পাওয়া যায়। পরে নিহত রুবেলের লাশ জামালগঞ্জ থানায় আনা হলে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম জানিয়েছেন, স্থানীয় ডুবুরিরা সকালে ঘটনাস্থল থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করেন। এ নিয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।