জামালগঞ্জ প্রতিনিধি
স্বাধীনতা বিরোধী পরিবারের সদস্য ও মদদদাতা জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যানের উপস্থিতিতে মুক্তিযোদ্ধারা স্বাধীনতা দিবসের সরকারী অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সূত্রে জানা যায়, আসছে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান শামসুল আলম তালুকদার ঝুনু মিয়ার উপস্থিতি ও পতাকা উত্তোলন করার কারণে সকল মুক্তিযোদ্ধা ঐক্যবদ্ধ ভাবে সরকারী অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নেন। গত কদিন আগে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও ডেপুটি কমান্ডার সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা বিষয়টি থানার অফিসার ইনচার্জকেও অবগত করেছেন।
এরই জের ধরে গত সোমবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে এই বয়কটের সিদ্ধান্তের কথা জানানো হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অ্যাড: আসাদ উল্লাহ সরকার বলেন, উপজেলা প্রশাসনের সভায় আমি স্পষ্ট ভাষায় জানিয়েছি, যেখানে কুখ্যাত রাজাকার লাল মিয়ার ছেলে, স্বাধীনতা যুদ্ধে দেশের বিরোধীতাকারী উপজেলা চেয়ারম্যান ঝুনু মিয়া থাকবে সেখানে আমরা যেতে পারি না। আমরা প্রশাসনের সভায় না গিয়ে পৃথক অনুষ্ঠান করার সিদ্ধান্তও নিয়েছি।
মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা দিবসের সরকারী কর্মসূচী বয়কটের কথা স্বীকার করেছেন সভায় উপস্থিত জামালগঞ্জ থানার ওসি তদন্ত নির্মল কান্তি দেব।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রসূন কুমার চক্রবর্তীকে একাধিক বার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।
- বিশ্বম্ভপুরে পণতীর্থ বারুনী মেলা ও শাহ আরেফিন’র ওরস উপলক্ষে আইনশৃংখলা সভা
- দুর্বৃত্তদের নাগাল পাচ্ছে না পুলিশ


