জামালগঞ্জে মৃত ও অমৎসজীবী নিয়ে মৎস্যজীবী সমিতি গঠনের অভিযোগ

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে নীতিমালা লংঘন করে মৃত ও অমৎস্যজীবীদের নিয়ে মৎস্যজীবী সমিতি গঠনের লিখিত অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার সোনাপুর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, মৃত ও অমৎসজীবীদের নিয়ে হরিপুর শাপলা মৎস্যজীবী সমবায় সমিতি’র পক্ষ থেকে করালজাল গ্রুপ জলমহালের উন্নয়ন প্রকল্পের আওতায় ১৪২৪-১৪২৯ বাংলা সন মেয়াদে ইজারা নিতে আবেদন করে।
আবেদনে উল্লেখ করা হয়েছে, বেহেলী ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত কৃষক ও নোয়াগাঁও গ্রামের মৃত ব্যক্তি, পোষাক শ্রমিক, দিনমজুর, ব্যবসায়ী ও      
 অবঃপ্রাপ্ত শিক্ষকের নাম দিয়ে শাপলা মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ গঠন করা হয়। বেহেলী ইউপি চেয়ারম্যান কর্তৃক নোয়াপাড়া গ্রামের কবি রঞ্জন সরকার পিতা কালী কুমার সরকার, হরিপুর গ্রামের মৃত অনন্ত সরকার পিতা জগৎ চন্দ্র সরকারের মৃত্যু সনদ সত্যায়ন হওয়ায় বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা চলছে। ২০১০ সালে তিনি মৃত্যুবরণ করায় মৃতের স্ত্রী বিধবা ভাতার সুবিধা পাচ্ছেন।
শাপলা মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক বিমল সরকার বলেন, আমার সমিতির দুই জন সদস্য মারা গেছেন। তাছাড়া সমিতিতে অবসর প্রাপ্ত শিক্ষকও আছেন।
উপজেলা সমবায় কর্মকর্তা মো: আবুতাহের বলেন, উপজেলা মৎস্য কর্মকর্তার প্রত্যায়ন পেয়ে সমিতি নিবন্ধন করেছি, যদি সমিতিতে অমৎস্যজীবি ও মৃত ব্যাক্তি পাওয়া যায় তবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো: কামরুল ইসলাম বলেন, এ বিষয়ে তদন্ত করছি, তদন্ত শেষে প্রতিবেদন দেয়া হলে আপনারা জানতে পাবেন।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রসূন কুমার চক্রবর্তী বলেন, হরিপুর শাপলা সমিতির উপর একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলছে প্রতিবেদন পেয়ে আইনী ব্যবস্থা নেয়া হবে।