জামালগঞ্জে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

আকবর হোসেন, জামালগঞ্জ
কালবৈশাখীর আঘাতে জামালগঞ্জের কামিনীপুর গ্রামসহ কয়েকটি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। শনিবার রাত ১২ টার দিকে উত্তর পশ্চিম কোণ থেকে প্রচন্ড বেগে ঝড়ো হাওয়ার সাথে শিলাবৃষ্টিতে উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুর বাজার, কামিনীপুর, মমিনপুর, ভুইয়ার হাটি, হোসেনপুরের অর্ধশতাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়।  ঘরবাড়ী গাছ পালার সাথে বিদ্যুৎতের খুঁটি, ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।
দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়,লক্ষীপুর বাজারের ৮টি দোকান ঘর,কামিনীপুর গ্রামের ১৪টি বসবাসের ঘর, কামিনীপুর বাজারের ৫টি দোকান, মমিনপুরের ৫টি ঘর, হোসেনপুরের ২টি ও ভুইয়ার হাটির ৩টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি বিনষ্ট কয়েকটি পরিবারকে খোলা আকাশের নিচে পাওয়া গেছে। একই সময়ে শিলাবৃষ্টিতে হালির হাওরের রাঙ্গিয়া, দুধার হাওর, বদরপুর ও হরিনাকান্দি,শনির হাওর পাড়ের রাধানগর, লম্বাবাক, কালীপুর, কামলাবাজ, কামিনীপুর, মমিনপুর, ইনছানপুর, ভুইয়ার হাটি, হিন্দু কালীপুর,সদরকান্দি সহ ২৫ টি গ্রামের কৃষকের ৬০ ভাগ ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।
এদিকে শনিবার দুপুর থেকেই হালির হাওরের রাতলার স্লুইচ গেইট, সুইচ্ছার বাধ ও স্লুইস গেইটের ফাঁক দিয়ে পানি প্রবেশ করছে। খবর পেয়ে রবিবার সকাল থেকেই উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষকরা স্লুইস গেইট মেরামতের কাজ শুরু করেছেন। পাশাপাশি লক্ষীপুরের বাঁধে গত রাত থেকেই কৃষকরা পাহাড়া বসিয়েছেন। ক্ষতিগ্রস্ত অধিকাংশ জমি থেকে ধান কাটার শ্রমিক (বেপারী) ধান না কেটে উঠে আসছে। একদিকে হাওর রক্ষা বাঁধের জন্য কৃষকরা আতংকিত অন্যদিকে শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতিতে কৃষকদের মাথায় হাত।
জামালগঞ্জ সদর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন জানান, তার ওয়ার্ডের বিভিন্ন গ্রামের প্রায় ৩৫টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।   
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাহাদাৎ হোসেন ভুইয়া জানান, ইউনিয়ন পরিষদ থেকে এখনো কেউ আমাদেরকে জানায়নি, আমাদেরকে লিখিতভাবে জানালে আমরা জেলাকে অবহিত করবো।
উপজেলা কৃষি কর্মকর্তা ড. শাফায়েত আহমদ সিদ্দিকী জানান, শনিবার রাতের কালবৈশাখী ঝড়ে জামালগঞ্জে ৪১০ হেক্টর জমির ফসলের ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের মাঠ কর্মীরা জরিপ করছন, ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে।   
উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা জানান, কালবৈশাখীর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে আমরা জেলা প্রশাসনকে অবহিত করবো । দ্রুত সাহায্যের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।