জামালগঞ্জে ১৪৪ বস্তা সরকারি চালসহ আটক ১

স্টাফ রিপোর্টার
জামালগঞ্জ উপজেলায় রবিবার বিকালে ১৪৪ বস্তা সরকারি চাল পাচারের সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি হলেন উপজেলার সদর ইউনিয়নের লম্বাবাক গ্রামের মৃত নূর আলীর ছেলে বাদশা মিয়া (৪০)। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টিটন খীসা স্থানীয় সাচনাবাজার থেকে এই চাল জব্দ করেন।
সাচনাবাজারের স্থানীয় কয়েক ব্যক্তি জানান, রবিবার বিকালে ইউএনও সাচনাবাজার উচ্চ বিদ্যালয়ে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি খবর পান সাচনাবাজার থেকে একটি ট্রাকে করে সরকারি চাল সুনামগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে। পরে সেখান থেকে তিনি বিকাল চারটার দিকে বাজারের সিএনবি রোডে গিয়ে ট্রাকসহ ওই চাল জব্দ করেন। চালের বস্তায় লেখা আছে, ‘খাদ্য অধিদপ্তরের জন্য,  
বিক্রয়ের জন্য নহে’। প্রতিটি বস্তায় ওজন লেখা আছে ৫০ কেজি। পরে এই চালের মালিক দাবি করায় লম্ববাঁক গ্রামের বাদশা মিয়াকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা বলেন, ‘আটক বাদশা মিয়া সরকারি চালের বিষয়ে সন্তোষজক কোনো জবাব দিতে পারেন নি। একেক সময় একেক কথা বলছেন। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’